গল্প লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গল্প লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১৮ জুন, ২০১৬

হাট দরজা

|| হাট দরজা ||


পুরীতে বেড়াতে গিয়ে ভাগ্যচক্রে দেখা হয়ে গেল সোনালী আর প্রতিমার সাথে | ওরাও বেড়াতে এসেছে আমাদের মত, স্বামী-স্ত্রী | সবাই একই হোটেলে উঠেছি – পুরীর বি.এন.আর | সবারই এক সন্তান, বিদেশে থাকে | অবসর জীবনে ফি বছর পুরী দর্শন |

সোনালী আমার ছোটবেলার নার্স-ডাক্তার খেলার সাথী | আমার মাকে বলত, তিতুন যদি বড় হয়ে ডাক্তার হয় তাহলে আমি ওর হাসপাতালেই নার্স হব | প্রতিমা আর আমি একই কলেজে পড়েছি | ফষ্টিনষ্টি করেছি, হাতখরচ ধার নিয়েছি, পরে শোধ করব বলে | এ ছাড়া আর কোনও স্বপ্ন দেখাই নি | তাও বন্ধুরা বলত ও আমাকে চাইত | ভগবানের ইচ্ছেয় দুটো সম্পর্কই বেশি দূর গড়ানোর আগে ছাড়াছাড়ি হয়ে গেছে | অথচ, বিয়ের মেয়ে যখন দেখা হচ্ছে, মা একবার আমাকে জিজ্ঞাসা করেছিল, “বল না, কী ধরনের  মেয়ে পছন্দ তোর | নাকি সোনালী ... না প্রতিমা ?” আমি বলেছিলাম, “যা ভালো বোঝ তাই কর | আমার সব চলবে |”

যাই হোক, সেই সময়ের স্মৃতি এখন ক্ষীণ | তাই এইভাবে দেখা হয়ে যাওয়ায় কারো কোন দ্বিধা বা বিকার দেখা দিল না | সোনালী আমার আলাপ করিয়ে দিল ছোটবেলার এক-পাড়ার বন্ধু বলে, আর প্রতিমা পরিচয়ে বলল আমরা এক কলেজে পড়েছি |

তাও জানি না হয়ত মেয়েরা যখন আলাদা বসেছে, গল্প করেছে, সব রকম কথাই হয়েছে |

একদিন রাত্রের খাবার খেয়ে বারান্দায় বসে আড্ডা হচ্ছিল | বা বলা যায় স্মৃতি চারণ | তপন কে আমাদের ছোটবেলার নার্স-ডাক্তার খেলার গল্প বলল সোনালী – কী ভাবে রুগীর অভাবে আমি ওকেই লেমনেডের ওষুধ গেলাতাম | প্রতিমা নয়নকে বলল, কী ভাবে আমি ওর কাছে টাকা ধার নিয়ে বলতাম একদিন ফেরত দেব – যেদিন আর আসে নি | সব মিলিয়ে সুদে আসলে আজ হয়ত কয়েক শ’ টাকা হয় |

কাকলী মুচকি মুচকি হেসে গল্প উপভোগ করছিল | তারপর হটাত কেমন গম্ভীর হয়ে মাথা নিচু করে বসে রইল | তাই দেখে সোনালী ওকে চেপে ধরল, “কাকলী, তোমার কোন গল্প নেই ?” প্রতিমা বলল, “হ্যাঁ, বলো না, কাকলী ! কিছু মনে পড়েছে বুঝি ?”

একটু চাপাচাপি করার পর, কাকলী আমার দিকে তাকিয়ে নিস্তেজ গলায় বলল, “তিতুন, আজ যদি তোমাকে একটা সুযোগ দেয়া হয়, আমাদের তিনজনের মধ্যে একজন কে বেছে নিতে, তুমি কাকে টানবে ?” দেখলাম কাকলীর চোখ কৌতুক সত্ত্বেও একটু চিকচিক করছে | আমিও একটু হেসে বললাম, “আমি কাকে নেব, না কে আমাকে নেবে ?” কাকলী বলল, “তোমার কী মনে হয় ?” আমি বললাম, “মানে ... পুরানো টানের প্রশ্ন তো | মস্ত সমস্যা | চট করে এর উত্তর দেয়া যায় না | তবু ভেবে দেখব | তার আগে এক ঘুম দিই | চলো এখন শোয়া যাক | কাল না হয় বলব |”

মনে হল সকলের ধরে রাখা স্বস্তির নিঃশ্বাস একসাথে পড়ল |

পরদিন জলখাবার টেবিলে বললাম, “শোন সবাই, কালকের সমস্যা সমাধান হয়ে গেছে ... এক স্বপ্নে |”
সবাই সমস্বরে বলল, “স্বপ্ন ! কী স্বপ্ন ? কাকে নিয়ে ?”
আমি বললাম, “হ্যাঁ |” সবাই সমস্বরে হইচই করে উঠল, “বলো, বলো |”

আমি বললাম, “স্বপ্ন দেখেছি আমরা সমুদ্রে স্নান করে ফিরেছে | সোনালী, প্রতিমা আর কাকলী যে যার ঘরে চলে গেছে স্নান করে কাপড় বদলে আসতে | একটু পরে আসছি বলে আমরা তিনজন চা খেতে বসেছি | এক ফাঁকে বাথরুম যাওয়ার নাম করে উঠে গিয়ে আমি এক এক করে তিনটে ঘরের দরজায় টোকা দিলাম | তিনজনেই প্রশ্ন করল, ‘কে ?’ আমি চাপা গলায় বললাম, ‘আমি !’ ”

এতটা বলে আমি চায়ের কাপ তুলে মুখ নামিয়ে চুমুক দিলাম | এক, দুই ... ‘বেশ ভালো চা ...উমদা চা ...’
কাকলী বলল, “ইস! থামলে কেন ?”

আমি বললাম, “দু’জন উত্তর দিল, ‘দরজা ভেজানো আছে |’ শুধু একজন বলল,‘দাঁড়াও, কাপড় বদলে দরজা খুলছি |’ ”

সোনালী বলল, “মোটেও না ! অভদ্র কোথাকার !”
প্রতিমা বলল, “ইস, কী অসভ্য ! বয়ে গেছে !”
তপন বলল, “আমি কিছুই বুঝলাম না |”
কাকলী বলল, “এটা অসম্ভব কিছু নয় |”
নয়ন বলল, “কাকলী, কী অসম্ভব নয় ?”

কাকলী বলল, তপন আর নয়নের দিকে তাকিয়ে, “তিতুন খুব ভালো অন্যের গলা নকল করতে পারে | জাস্ট বিয়ের পর একবার বাবার গলা নকল করে ও আমাকে ফোন করে বলেছিল, ‘শোন, জয়ন্ত আজও ফোন করেছিল | ও নাকি তোকে ভুলতে পারছে না | কী করি বলতো ?”


------------------------------------------
© ইন্দ্রনীর / ১৮ জুন ২০১৬

বুধবার, ১৫ জুন, ২০১৬

নিশানা

|| নিশানা ||


সোমেন বাবু বললেন, প্রেমের গল্প শুনবেন ? বিয়োগান্ত ?

আমি উত্তর না দিয়ে একটু নড়েচড়ে সজাগ হয়ে বসলাম | সোমেন বাবু বললেন,

আমি তখন পাশ করে কাজের জন্য হন্যে হয়ে আছি | বৌদির কাছে হাত পেতে চা, সিগারেট খাই | পাড়ায় হরির দোকানে বসে চা খেতে খেতে আড্ডা দিই | চা শেষ হয়ে এলেও শেষ বিন্দুটা খুরিতে লেগে আছে কল্পনা করে মুখ উঁচু করে খুরিটা কাত করে ঝাঁকাই | পকেটে দেশলাই বাক্সে কাঠির বদলে আধ খাওয়া সিগারেট থাকে | অনেক বন্ধু চাকরি পেয়ে চুটিয়ে প্রেম করছে, আমার কেউ নেই | তাই মন ভালো থাকে না |

একদিন পাড়ার রাস্তা দিয়ে সকাল সকাল যাচ্ছি, দেখি একটা কাগজ বিলি করা চ্যাংড়া মার্কা ছেলে প্রাণপণ চেষ্টা করছে তেতালায় একটা কাগজ ছুঁড়ে ফেলার | বারবার সেটা নিচে পড়ে যাচ্ছে | উপরে তাকিয়ে দেখলাম তেতলায় ব্যালকনিতে একটা অল্প বয়সী মেয়ে দাঁড়িয়ে আছে | আমি তাকাতেই মেয়েটা সরে গেল | আমার কী মনে হল, বললাম, “দাও তো ভাই দেখি, আমি একবার চেষ্টা করি |” ছেলেটা একবার উপরে তাকিয়ে অনিচ্ছুক ভাবে আমাকে কাগজটা দিল | আমি নিজেও কয়েকবার চেষ্টা করে পারলাম না | ছেলেটা বিরক্ত হয়ে বলল, “আপনার দ্বারাও প্রেম করা হবে না | মাঝখান থেকে আমার কাগজটা চোট খেল |” আমি অবাক হয়ে বললাম, “মানে ?” ছেলেটা বলল, “মানে আর আপনাকে বুঝতে হবে না | দিন কাগজটা | যাই আমি উপরে গিয়ে দিয়ে আসি |” আমার হটাত রাগ হয়ে গেল | আমি বৌদির কাছে থেকে নেয়া টাকাটা পকেট থেকে বের করে বললাম, “এই নাও কাগজের দাম |” ও কিছুতেই নেবে না | তখন ওর পকেটে জোর করে টাকাটা গুঁজে দিয়ে আমি হনহন করে হরির দোকানের দিকে পা বাড়ালাম | ছেলেটা পিছন থেকে এসে আমার হাত ধরে টেনে বললে, “দাদা, ভুল হয়ে গেছে | আর বলব না | কাগজটা ফেরত দিন |” আমি ওকে এক বকুনি দিলাম | ছেলেটা কাঁচুমাচু মুখ করে চাপা গলায় একটা বিরক্তিকর গালাগাল দিয়ে চলে গেল |

হরিকে পকেটে পয়সা নেই বলে চা চেয়ে কাগজটার হেডলাইনে চোখ বুলিয়ে খেলার পাতায় যাব বলে খুলতেই কাগজটার ভিতর থেকে একটা হ্যান্ডবিল বেরল | নির্ভুল ভাবে আধ-ভাঁজ করা দেখে অবাক হলাম – হ্যান্ডবিল তো খোলা রাখা হয় | এটা এমন ভাঁজ করা কেন ? ভাঁজটা খুলে দেখি আঁকাবাঁকা হাতের লেখায় কোনও এক মিলিকে কিছু আবোলতাবোল আবেগের কথা লেখা | তারই মধ্যে লেখা –

আমি যখন তোমাদের বারান্দায় কাগজ ফেলি, তুমি যদি বারান্দায় এসে দাঁড়াও তাহলে দেখবে আমার হাতের নিশানা ভুল হয় না | আমি এক টিপেই তোমার গায়ে কাগজটা ফেলতে পারি |

মুখের হাসি চেপে হ্যান্ডবিলটা পকেটস্থ করলাম | ফেরার পথে বাড়িটার সামনে এসে দেখি তার একপাশে সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার দরজায় মেয়েটা দাঁড়িয়ে | হয়ত উপর থেকে আমাকে আসতে দেখেছে | হয়ত আমার জন্য অপেক্ষা করছিল | আমাকে দেখেই আমার হাতের কাগজের দিকে তাকালো | আমি বোধহয় একটু ইঙ্গিতপূর্ণ হাসি হেসেছিলাম | তাই দেখে মেয়েটা চোখ নামালো |

আমি বাড়ি ফিরে বৌদিকে ঘটনাটা বললাম | বৌদি, দেখি কাগজটা, বলে আমার হাত থেকে কাগজটা নিয়ে একবার চোখ বুলিয়েই ব্লাউজের মধ্যে কাগজটা সোজা চালান করে দিল | হাতাহাতি করার সুযোগ পেলাম না |

বিকেলে আমাকে চা দিতে এসে বৌদি বলল, “তোমার কাগজটা আমি মিলিকে দিয়ে এসেছি, দুপুরে |” আমি বললাম, “মিলি ?” বৌদি বলল, “আহা ! ন্যাকা  সাজা হচ্ছে ?... জানো, মিলি কাগজটা পড়ে বলল, তোমার দেওরের হাতের নিশানাও এমন কিছু ভালো নয় |” 


---------------------------------------
© ইন্দ্রনীর / ১৫ জুন ২০১৬

বুধবার, ৮ জুন, ২০১৬

চুল জড়িয়ে

|| চুল জড়িয়ে ||


দুপুর দুটো নাগাদ প্রমথকে স্থির হয়ে বসে থাকতে দেখে রথীন বলল, “বাবা, আপনি বিশ্রাম নেবেন না ?” প্রমথ বললেন, “না, আজ মনে হচ্ছে একটু বেশি খেয়ে ফেলেছি | অনেকদিন পরে তোমাদের সাথে খেলাম তো | কথা বলতে বলতে লক্ষ্য করি নি |” বিশাখা পাশে এসে বসে বললে, “কেন বাবা, কী কষ্ট হচ্ছে ? একটু জোয়ান দেব ?” প্রমথ ম্লান হেসে বললেন, “না রে, থাক | পেটটা একটু ভার হয়েছে | আবার ঠিক হয়ে যাবে |” রথীন বলল, “বাবা, আমার মনে হয় আপনি শুয়ে পড়লে ঠিক হয়ে যাবেন |”

বিশাখা বলল, “বাবা ভাত বেশি কেন খেলে ? তুমি খিদের আন্দাজ করতে পার না ?” প্রমথ বললেন “ভাতের আন্দাজ তো আছে | কিন্তু তুই এত সব রেঁধেছিলি, তাতেই বেশি হয়ে গেল |” রথীন অবাক হয়ে বলল, “বাবা আমি বুঝলাম না |” প্রমথ বললেন, “কত খিদেয় কত ভাত খেতে হয় তার অভ্যাস তো সেই ছোটবেলায় হয়েছে | তখন ভাত খাওয়া বলতে সাথে একটু ডাল, আর আলু পোস্ত কি কুমড়োর ছেঁচকি, গরমকালে ডালে সর্ষে ফোড়ন দিয়ে দুটো কাঁচা আমের টুকরো ছেড়ে দেয়া | সপ্তাহে হয়ত একদিন পোনা মাছ | তখন ভাত খেয়েই পেট ভরত | আর আজ ...” বিশাখার মুখের দিকে তাকিয়ে হেসে বললেন, “মেয়ে আমার কত পদই যে রেঁধেছিল | তাই ভাতের সাথে আনুষঙ্গিক সব খেয়েই খাওয়াটা বেশি হয়ে গেল | দোষটা ওই ছোটবেলার অভ্যাসের |” রথীন বলল, “আমরা যখন নেই, তখন কি আপনি বেশি খান না ?” প্রমথ বললেন, “তোমরা না থাকলে মিন্টুর মা ওই এক তরকারী, ডাল ভাত করে দিয়ে যায় | ও না এলে আমি আলু ডিম সেদ্ধ করে ফ্যানা ভাতের সাথে খেয়ে নিই |”

রথীন বলল, “আপনি যদি না ঘুমন তাহলে চলুন কোথাও থেকে ঘুরে আসি | এমন শীতের দুপুর ... |” বিশাখা আঁতকে উঠে বলল, “এখন কোথায় যাবে ? আমার যে ভাত ঘুম পাচ্ছে |” “আহ, চলো না | বাবার গাড়িটা কতদিন পড়ে আছে |” প্রমথ বললেন, “না, বিশু এসে মাঝে মধ্যে স্টার্ট দিয়ে যায়, জল, তেল, ব্যাটারিও দেখে নেয় | তবে সেই তোমরা পুজোয় এসেছিলে, তারপর আর গাড়িটা নড়ে নি |” চাঙ্গা হয়ে উঠে প্রমথ বলল, “চলো তাহলে | আমরা পুরুলিয়া ঘুরে আসি |” বিশাখা বলল, “আমি যদি গাড়িতে ঘুমিয়ে পড়ি ?” প্রমথ বলল, “কোন অসুবিধা নেই |”

কোকালিয়া পার হতেই পিছনের সিট থেকে প্রমথ রথীনের কাঁধে আলতো করে হাত রেখে ফিসফিস করে বললেন, “মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে |” রথীন গাড়ি চালাতে চালাতে ঠিক দেখে নি | খুব আস্তে করে গাড়িটা রাস্তার এক পাশে দাঁড় করিয়ে নেমে বাঁ দিকের দরজা খুলে বিশাখার সিটটা পিছিয়ে দিয়ে তার পিঠটা পিছনে হেলিয়ে দিল | বিশাখা একবার উঁ করে উঠে শরীরটাকে হেলান সিটে মিশিয়ে নিল | তারপর মৃদু স্বরে বলল, “থেমো না | চালিয়ে যাও |”

রথীন গাড়িটা চালু করে একটু বেগ নিতেই প্রমথ বললেন, “সামনের লেভেল ক্রসিংটায় একটু থামবে ?” রথীন দেখতে না পেয়ে বলল, “কোথায় লেভেল ক্রসিং ?” প্রমথ বললেন, “চলো, আরও মাইল কয়েক পরে, রঘুনাথপুর ঢোকার আগে | ওখানে একটু থেমো |”

লেভেল ক্রসিং পৌঁছে রথীন ভুলে গিয়ে পার হয়ে যেতে যেতেই প্রমথ বললেন, “এই এখানে ... এখানে একটু থামো |”

জোরে থামানো গাড়ির ঝাঁকুনিতে বিশাখা চোখ খুলে বলল, “কোথায় এলাম আমরা ?” প্রমথ বললেন, “টুকু পিসির লেভেল ক্রসিংয়ে | তুই নামবি ?” বিশাখা বলল, “না, তুমি যাও | আমরা একটু গাড়িতেই বসছি |”

প্রমথ গাড়ি থেকে নেমে রেল লাইনের দিকে যেতে শুরু করলে ওনার দিক থেকে চোখ ফিরিয়ে রথীন বলল, “টুকু পিসি কে ? আমি তো কোনদিন নাম শুনি নি |” বিশাখা বলল, “আসলে পিসি নয় | বাবার ছোটবেলার খেলার সাথী |”
-    “গার্লফ্রেন্ড, বান্ধবী ?”
-    “ঊঁহু ... বাবার ছোটবেলার খেলার সাথী |”
-    “ও |” না বুঝে রথীন চুপ করে থাকলো |

একটু পরে বিশাখা বলতে শুরু করল ...
“বাবা আর টুকু পিসি ছোটবেলায় একসাথে খেলত | খেলার মধ্যে ঝগড়াও ছিল | মাঝে মধ্যেই চুল জড়িয়ে ঝগড়া করত | দুজনের বাবা মা ওদের ছাড়াতে পারত না – এই ভাব, তো এই ঝগড়া, তো এই আড়ি |”

রথীন বিশাখা চুপ করে যাওয়ায় বলল, “তোমার গল্পটা এখানেই শেষ নয় বোধহয় ?”

বিশাখা আবার বলতে শুরু করল ...
“বড় হয়ে ওঠার আগেই দুজনে আলাদা | তারপর টুকু পিসির কী হল কে জানে | এদিকে, আমি ছোট থেকে দেখেছি বাবা মার সাথে ভীষণ ঝগড়া করত, কী প্রচণ্ড অনমনীয় মনোভাব নিয়ে, সে বলার নয় | কারণ জানতাম না, কিছু বুঝতামও না |

“তারপর, একদিন, তখন আমি স্কুলে এইটে উঠেছি | টুকু পিসি বাড়িতে এল | খুব বড় অসুখ থেকে উঠেছিল | পিসেমশায় আসতে পারে নি | পিসিকে ট্রেনে তুলে দিয়েছিল, বাবা স্টেশনে গিয়ে নিয়ে এসেছিল | একদিন বাবা, আমাকে, মাকে আর পিসিকে নিয়ে গাড়িতে করে এখানে এসেছিল | পিসি সারাটা পথ চুপ করে বসেছিল |

“এখানে নেমে, বাবার কী মনে হল, বলল, টুকু, চল ছোটবেলার মত চুল জড়িয়ে ঝগড়া করি | ও মা ! জানো, পিসি কী বলল ? বলল, ঝগড়া করার মত আর চুল কি আছে যে ঝগড়া করব তোমার সাথে | বাবা অবাক হয়ে বলল, কেন ? পিসি মাথায় পরা পরচুলা খুলে বলল, এই দ্যাখো |

“কেমোথেরাপি করে পিসির সব চুল পড়ে গিয়েছিল | এর কিছুদিন পরে পিসি ফিরে গেল | তারপর আর বেশিদিন বাঁচে নি |

“ পিসির মারা যাওয়ার খবর পাওয়ার পর মায়ের অদ্ভুত পরিবর্তন হল | কদিন খুব কাঁদলো | তারপর আমাকে একদিন ডেকে বলল, দেখিস, তোর বাবার সাথে আমি আর ঝগড়া করব না | আমি না বুঝে বললাম, ভালোই তো | কিন্তু বাপি যদি করে ?

“আমি তখন বাবাকে বাপি বলতাম ...
   
“মা বলল, করলে আমি মুখ বুজে থাকব | আমি বুঝেছি ... ও কি আর আমার সাথে ঝগড়া করে ? ও তো ওই টুকু পিসির সাথে ঝগড়া করে | বলে মা আবার কাঁদতে লাগল |

“তারপর আমরা আর এখানে আসি নি | আমি জায়গাটার কথাও ভুলে গিয়েছিলাম |”


----------------------------------
© ইন্দ্রনীর / ৮ জুন ২০১৬

মঙ্গলবার, ৩১ মে, ২০১৬

পরাণকালী

|| পরাণকালী ||

হটাতই দেখা হয়ে গেল ভবতোষের সাথে । মুচিপাড়ায় গিয়েছিলাম ইলেকট্রিকের বিল জমা দিতে । ফিরে আসছি, বড় রাস্তায় বাস ধরব বলে । সামনে দেখলাম একটা আদুড় গায়ে ছেলে, কোমরে ঘুনসিতে কড়ি বাঁধা, একটা বুড়ো মানুষের পিছন পিছন চলেছে, হাতে এলুমিনিয়ামের বাটি । যদিও মনে হল না ও কিছু চাইছে, তবুও বুড়ো মানুষটা থেকে থেকে বিরক্ত হয়ে ঘুরে দাঁড়িয়ে বন্ধ ছাতাটা উঁচিয়ে ছেলেটাকে মারার ভয় দেখাচ্ছে । ছেলেটা থমকে দাঁড়িয়ে থেকে একটু পরে আবার বুড়ো মানুষটার পিছু নিচ্ছে । ওই ছাতা উঁচানো ভঙ্গি দেখে মজা লাগলে কিছু একটা কথা পড়ি পড়ি করেও মনে পড়ল না । বাস স্ট্যান্ডে যখন পৌঁছলাম, বুড়োটা দেখি দুই হাঁটুর মাঝে ছাতাটা ধরে ধুতির কোঁচা তুলে মুখের ঘাম মুছছে । ব্যাস, মনে পড়ে গেল স্কুলের সহপাঠী ভবতোষের কথা । কি গ্রীষ্ম, কি বর্ষা, কি শীত – ভবতোষ স্কুলে ছাতা আনতো । পাছে আমরা ওটা লুকিয়ে ফেলি, ও ছাতাটা সব সময় আঁকড়ে থাকত । মাঝে মাঝে আমাদের ফুটবল খেলা দেখতে দেখতে হাত তালি দিতে দুই হাঁটুর মাঝে ছাতাটা চেপে ধরত । আর বেশি বিরক্ত করলে, ঠিক এই ভাবে ছাতা উঁচিয়ে আমাদের মারবার ভয় দেখাতো ।

বুড়োটা ঘাম মুছে কোঁচা ছেড়ে আমার দিকে তাকাল | অবাক হয়ে, 'আরে ওই বাচ্চাটা হটাত করে বুড়ো হয়ে গেল কী করে ?' এইরকম মুখের ভাব করে ঘুরে ফিরে দেখল, না বাচ্চাটা ওর পিছনেই দাঁড়িয়ে । বিরক্ত হয়ে বাচ্চাটাকে বলল, “এই যা পালা । ওই দ্যাখ বাস আসছে । আমি উঠে গেলে তুই কী করবি ? হ্যাঁ ?” বাচ্চাটা বুড়োটার দিকে ছদ্ম অভিমানের চোখে দেখল | যেন ওকে বলল, ‘কেন ? তুমি আমার ভাড়াটা দিলেই তো হয় ! চল না, সাথে নিয়ে, দাদু !’

“ওফ, কী জ্বালাতন রে বাবা ... দেখছেন আপনি, কী আপদ জুটেছে ?” বলে ভবতোষ আমার মুখের দিকে তাকিয়েই, ভ্রু কুঁচকে, চালশে চোখ দুটো ছোট করে বলল, “মহাদেব না ? হটাত কোথা থেকে উদয় হলি ?” আমি হেসে বললাম, “আমি তোর পিছন পিছন আসছিলাম । তুই ছাতা দিয়ে মাছি তাড়াচ্ছিলি, তাই লক্ষ্য করিস নি ।” “মাছি ?”, বলে ও অবাক হয়েই হেসে ফেলল | বাচ্চাটার দিকে তাকিয়ে বলল, “ঠিকই বলেছিস । এক এক দিনে এক এক জ্বালা !” “কিসের জ্বালা ?” আমি জিজ্ঞাসা করলাম । কথাটা যেন শুনতে পায় নি সেই ভাবে ভবতোষ বলল, “তা, এদিকে কোথায় এসেছিলি ? থাকিসই বা কোথায় । বাস ধরবি মানে দূরে কোথাও থাকিস নিশ্চয় ?” আমি বললাম, “থাকি ঘোষপাড়ায় । এসেছিলাম ইলেকট্রিকের বিল দিতে । তুইও তো এখানে থাকিস না । কোনও কাজে এসেছিলি ?” ভবতোষ আমার প্রশ্নের পাশ কাটিয়ে বলল, “ওই তো বাস । আমিও যাব ওই বাসে । স্টেশনে নেমে মদনগোলা প্যাসেঞ্জার ধরব । ওখানেই আছি গত দু’বছর ।”

স্কুল ছেড়ে আমি সায়েন্স কলেজে গেলাম, আর ভবতোষ গেল বি-কম পড়তে । একটু আধটু যা দেখা সাক্ষাত হত বিয়ের আগে, বিয়ের পর আমি কলকাতায় গেলে আর তাও বজায় থাকে নি । তবে মাঝে মাঝে একটু আধটু এর ওর কাছ থেকে খবর পেতাম । শুনেছিলাম ব্যাঙ্কে যোগ দিয়ে বিয়ে করেছিল । ছেলের শখ ছিল, কিন্তু পর তিন তিনটে মেয়ে হয় । বেচারার প্রথম মেয়ের বিয়ে দেয়ার পর নাকি প্রায়ই বাপের বাড়ি ফিরে আসত । বলত স্বামী পছন্দ হয় নি । তারপর একদিন কারো সাথে উধাও হয়ে যায় । দ্বিতীয় মেয়েটা বছর তিরিশ বয়সে বাচ্চা বিয়োতে গিয়ে মারা যায় । আর তৃতীয় মেয়েটা মাধ্যমিকে ফেল করে প্রেম ট্রেম করে | তাতেও ফেল করে বিষ খায় । প্রত্যেকবার খারাপ খবর শুনে মনে হয়েছে একবার গিয়ে দেখা করে আসি । হয়েই ওঠেনি । শেষ দেখা একবার কলকাতা থেকে ফেরার ট্রেনে – সেও তো বছর তিন চার হবে । সেই চেহারা আর এখন নেই | এখন ভবতোষ যেন একটা আধ পোড়া চেলা কাঠ |

বাসে উঠে ফাঁকা সিট পেয়ে একসাথে বসে দুজনের দুটো টিকিট কেটে ফেললাম । স্টেশনটা পায়ে হেঁটে পাঁচ মিনিট | কিন্তু রাস্তাটা রেললাইনের এপার ধরে লেভেল ক্রসিং পার করে স্টেশনে ফিরে এসেছে লাইনের ওপার ধরে । তাই বাসে পরের পরের স্টপ । আমাকেও স্টেশনে নামতে দেখে ভবতোষ অবাক হয়ে বলল, “তুই যে বললি ঘোষপাড়ায় থাকিস ।” বললাম, “চল, তোর সাথে কত বছর পরে দেখা । আমি তো তোর মুখ দেখে চিনতেই পারতাম না, যদি না তোর ওই ছাতা ধরা মুদ্রাটা দেখতাম ।“ ভবতোষ একগাল হাসল | বললাম, “মদনগোলার গাড়ি তো যা জানি, ঘণ্টা দু'ঘণ্টায় আসে | চল, তাহলে ততক্ষণ তোর সাথে গল্প করে নিই |” “ কিন্তু, তোর ফ্যামিলি, মানে মিসেস ?”, ভবতোষ জানতে চাইল, “তোর দেরী দেখে চিন্তা করবে না ?” বললাম, “না, সে পাট চুকে । বউ সগ্গে গেছে এক বছর আগে । ছেলে কলকাতায়, মাঝে মধ্যে আসে । সারা সময় একাই থাকি । তোর খবর বল । এখানে মুচিপাড়ায় কার কাছে এসেছিলি ?”

ভবতোষ ছাতাটা মাটিতে ঠেকিয়ে হাতলটা দু হাতে ধরে আকাশের দিকে মুখ তুলে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল, “তার মানে, আমাদের সেই স্কুল থেকে এক যাত্রায় এই একটা ফল অন্তত পৃথক হয় নি, তাই না ? আমারও গিন্নি গত বছর বিদায় নিয়েছে ।”

বুঝলাম, ভবতোষ বোধহয় বলতে চায় না কী কাজে এসেছিল । না বলবে, না বলুক । প্রসঙ্গ বদল করতে বললাম, “তোর এই ‘সম্বৎসর’ ছাতা বয়ে বেড়ানোর অভ্যাসটা কিন্তু রয়ে গেছে ।” ভবতোষ বলল, “আর বলিস না । এখন রোদ বিষ্টি তেমন গায়ে লাগে না | তার থেকে অনেক বেশি অন্য সব আপদ বিপদ, পদে পদে । কোথাও বিড়াল, কোথাও বাছুর, কোথাও কুকুর, এমন কি ভিখিরি বাচ্চা অব্দি আমাকে পথে ঘাটে নিস্তার দেয় না ।”

প্ল্যাটফর্মে ঢুকে আমাকে একটা বেঞ্চ দেখিয়ে বসতে বলে ভবতোষ টিকিট কাটতে চলে গেল । ফিরে এসে আমাকে দূরে একটা বাচ্চা দেখিয়ে বলল, “কাণ্ডটা দেখ । কী ভাবে পা ঝুলিয়ে বসে আছে । এইসব বাচ্চাদের মায়েরা কী করে যে ওদের ছেড়ে দেয় ।” দেখলাম একটু দূরে ফাঁকা প্ল্যাটফর্মের ধারে পা ঝুলিয়ে বসে একটা ছোট ছেলে একটা বাটি থেকে কিছু খাচ্ছে । আমি বললাম, “ওর মায়ের মত কাউকে তো দেখছি না ধারে কাছে ।” ভবতোষ বলল, “আরে, ওই সব মায়েদের কী – একটা বাচ্চা গেলে আরেকটা পেতে কোনও অসুবিধা তো হয় না । আমাদেরই যত ঝামেলা ... আমার গুলোর কথা তো শুনেছিস নিশ্চয় । তিন তিনটে চলে গেল, ধরে রাখতে পারলাম না । ঠাকুর কে যে কত ডেকেছি ।”

আমি বললাম, “ঠাকুর ! ঠাকুর কী করবে ? মরা মানুষ ফিরিয়ে দেবে ?”

ভবতোষ বলল, “প্রশ্নটা জানি | তুই হয়তো উত্তরটাও জানিস তাই ঠাকুর দেবতা মানিস না । কিন্তু আমি মানি । বৌটা মারা যাওয়ার পর থেকে একে তো চরম একা হয়ে পড়েছি, তার উপর হাতে অঢেল অচল সময় । আকছার বসে বসে ঠাকুরকে ডাকি - একটা কারো সঙ্গ দাও । এত একা কী থাকা যায় ?”

আমি প্রশ্রয় না দিলে ভবতোষ বলল, “তুই জানিস না, বৌটা মারা যাওয়ার পর বাড়িটা আমার কী ভাবে ফাঁকা হয়ে গেল । একটা দুধ-গরু ছিল । তার সদ্য বাছুরটা কোথায় কী খেয়ে পেট ফুলে মারা গেল । তার দুঃখেই কিনা জানি না, গরুটা খাওয়া দাওয়া ছেড়ে দিল । সারাদিন অস্থির হয়ে চোখ পাকিয়ে পা দাপাত, আর চোখের জল বের হাম্বা হাম্বা করত । তারপর একদিন দড়ি ছিঁড়ে পালিয়ে গেল । বউয়ের পোষা বিড়ালটা বয়েস হয়ে খুব মোটা হয়ে গিয়েছিল । একদিন কার্নিশে পায়রা ধরতে গিয়ে পড়ে মারা গেল । চোখে কম দেখত হয়তো । শেষে বাড়ির কুকুরটা, ছোট ছানা ছিল যখন আমি মুঠোয় করে ঘরে এনেছিলাম, সেও মারা গেল ।”

ভবতোষ একটা দীর্ঘশ্বাস ফেলল । অনেকক্ষণ চুপ করে থাকলাম । মনে হল এখন আর পুরানো কথার কোন মানে হয় না । ভবতোষের পক্ষে অতীত দুঃসহ । ও এখন বর্তমানে থাকতে চায় ।

স্টেশনের ঘণ্টা বাজিয়ে জানালো গাড়ি আসছে । ভবতোষ উঠলো । দেখলাম দূরে বাচ্চাটা তখনও প্ল্যাটফর্মের ধারে পা ঝুলিয়ে বসে আছে । ট্রেন আসছে সে হুঁশ নেই, না তার, না তার মায়ের । “আশ্চর্য !” বলল ভবতোষ । তারপর আমার চোখে সোজা তাকিয়ে বলল, “তুই জিজ্ঞাসা করছিলি আমি মুচিপাড়ায় কোথায় গিয়েছিলাম । ভেবেছিলাম তুই নাস্তিক, তোকে বলে কি হবে ? কিন্তু শোন । গিয়েছিলাম ওখানে পরাণকালী মায়ের মন্দিরে । মাঝে মধ্যেই যাই । তুই যাস কি ?” আমি মাথা ঝাঁকালাম । বললাম, “শুনেছি মা নাকি জাগ্রত । আমার বউ যেত ।”

ভবতোষ মাথা নাড়ল, অনেকক্ষণ, নিজের মনে, তালে বেতালে ।

তারপর বলল, “আমিও শুনেছি । তাই মায়ের কাছে মানত করেছি । বলেছি, মা আমার এই একা জীবন এবার শেষ করো । হয় আমাকে নাও, নইলে আমাকে কারো সঙ্গ দাও – যার সাথে থাকলে একটু কম একা লাগবে ।” আমি বললাম, “তোর আত্মীয় স্বজন ?” “ধ্যুত, যত্ত সব স্বার্থপরের দল ।” তিড়বিড় করে জ্বলে উঠল ভবতোষ । তারপর হাতের ছাতাটা একটু উঁচিয়ে ভাঁড়ের মত বলল, “যতদিন আমার হাতে এই অস্ত্র আছে, কাউকে ঘেঁষতে দেব না মোর ধারে কাছে ।” আমি থাকতে না পেরে হেসে ফেলে বললাম, “যেমন বাস স্ট্যান্ডের বাচ্চাটা ?” ভবতোষ বলল, “আর বলিস না ... জানি না আমার মধ্যে কী যে আকর্ষণ আছে । ওই মন্দির থেকে বেরিয়ে এক একদিন এক এক কাণ্ড হয় । একদিন একটা বাছুর আমার পিছু নিলো । নাছোড়বান্দা । ছাতা দেখিয়ে ভয় দেখানোর চেষ্টায় কোন কাজ হল না । এই রকমই আরেকদিন একটা বেওয়ারিশ ছাগল ছানা । ম্যাঁ, ম্যাঁ করে আমায় ডেকে অস্থির | একদিন একটা ছোট্ট বিড়ালছানা মিউ মিউ করে আমার পায়ে গা ঘষে একাকার করল । এমন কি একদিন একটা পায়রাও হেঁটেছে আমার পিছন পিছন, গুটি গুটি পায়ে । ওই ভয়ে আজ আমি বাস ধরলাম | নইলে আমি স্টেশন হেঁটেই আসি |”

হা হা করে হেসে উঠে ভবতোষ বলল, “জানিস, আজ আমি মন্দিরে মাকে প্রণাম করে বললাম, 'জানি না মা, তোমার মনে কী আছে । তুমি আমাকে এই সব কেন দিচ্ছ ? ভালো কিছু নেই কি তোমার কাছে ?' কথাগুলো মনে মনে ক’বার বলে মন্দির থেকে বেরোতেই ব্যাস, ওই বাচ্চা ছেলেটা পিছন পিছন আসতে শুরু করল ।” আমি বললাম, “দুটো পয়সা দিয়ে দিলেই চলে যেত ।” “বের করেছিলাম তো একটা টাকা, ওকে দিতে”, ভবতোষ বলল, “তা এমন বেয়াড়া ছেলে, টাকাটা দেখে পিছন ফিরে মা বলে চিৎকার করে ডাকল । দেখি দূরে একটা গরিব মেয়েমানুষ দাঁড়িয়ে । সে আমাকে দেখে চেঁচিয়ে বলল, 'এমনিই নিয়ে যাও বাবা, ছেলেটাকে । তোমার কাজে দেবে ।' বোঝ, আবদার !”

হুট করে ট্রেনটা 'পোওওওঙ .. পোওওওঙ' করে হল্লা করতে করতে এসে স্টেশনে ঢুকে পড়তেই দুজনে তাকালাম । প্ল্যাটফর্মটা এখন সম্পূর্ণ ফাঁকা । ছেলেটা কখন সরে গিয়েছে ।

কই না তো ! ওই তো, বাচ্চাটা ভবতোষের দিকে এগিয়ে আসছে । অন্তত, আমার তাই মনে হল । ওর হাতে একটা বাটি । আর কোমরে সকালের বাস স্ট্যান্ডের বাচ্চাটার মতই ঘুনসিতে কড়ি বাঁধা । দূরে একটা গরিব বউ দাঁড়িয়ে দেখছে মুখে আশার হাসি ফুটিয়ে |

বৌয়ের কথা মনে পড়ল | বলত ভক্তদের নাকি মা নানান রূপে দেখা দেয় ।
 

------------------------------------------
© ইন্দ্রনীর / ৩১ মে ২০১৬

সোমবার, ২৩ মে, ২০১৬

অপেক্ষা

|| অপেক্ষা ||


হঠাত করে মলিনাদির সাথে দেখা হয়েছিল |

কিছু কাগজের কাজ নিয়ে কোর্টে গিয়েছিলাম | উকিলের সাথে কথা বলে বেরিয়ে বড় রাস্তার কাছে এসে মনে হল পেনটা ফেলে এসেছি, তাই ফেরত যাচ্ছিলাম পকেট হাতড়াতে, হাতড়াতে | উল্টোদিক থেকে মলিনাদি আসছিল | বয়েসের ছাপ তেমন না পড়লেও বেখেয়ালে আমি ঠিক লক্ষ্য করি নি |  মলিনাদি পাশ দিয়ে গিয়ে পিছন থেকে ডাকল, “ধ্রুব না ? এই ! তুই ধ্রুব না ?” যেই আমার হাতে পেনটা ঠেকল, শুনতে পেয়ে ফিরে তাকিয়ে দেখলাম । দেখে চিনতে একটুও অসুবিধা হল না |

তবে, সেই রকমই আছে তা বলবো না | শেষ দেখা হয়ে মনে হয় চল্লিশ – বিয়াল্লিশ বছর কেটে গেছে | এখন যে সামনে দাঁড়িয়ে আছে স্মিত মুখে, তার রং সেই সময়ের তুলনায় বেশ কালো | মাজা, ঋজু চেহারাটা না হলেও পঁয়ষট্টি বছরের | মণিবন্ধের হাড় শক্ত, ব্লাউজের হাতার শেষে কনুইটা চওড়া | গাল একটু বসে গিয়ে মুখের চোয়াল আরও প্রশস্ত হয়েছে, আর তাকে দৃঢ় সমর্থন যোগাচ্ছে চোখে মোটা কালো ফ্রেমের চশমা | মাথার মসৃণ চুলে একটু পাক ধরলেও বেশিরভাগ কালো | এত গরমেও শাড়ির আঁচলটা গলায় পাকিয়ে বুকের উপর ছড়িয়ে ফেলা । শুধু এই আব্রুটুকু এই বয়সের তুলনায় বেমানান |

আমার চিনতে অসুবিধা হচ্ছে ভেবে মলিনাদি চোখ থেকে চশমাটা খুলে বলল, “এবার চিনতে পারছিস ?” সেই মমতা ভরা কালো গভীর চোখ ... যার চোখের লম্বা লম্বা পলক যে কোন মুহূর্তে ধীরে ধীরে নেমে এসে সেই মমতার হদিস হারিয়ে দিতে পারে | আমার কৈশোরের মলিনাদি – মলিনা মুখি – পাড়ার মুখি বাবুর বড় মেয়ে, আমার খেলার মাঠের সাথী বাবুয়ার দিদি |

আমি বললাম, “চিনব না কেন ? আসলে আমি পেনটা হারিয়ে ফেলেছি ভেবে একটু অন্যমনস্ক ছিলাম, তাই তোমাকে লক্ষ্য করি নি | কোথায় এসেছিলে ?”
মলিনাদি বলল, “একটু এফিডেভিটের কাজ ছিল | হয়ে গেছে, বাড়ি ফিরছি | তুই ?”
আমি বললাম, “আমিও বাড়ি ফিরছি |”
-  “কতদিন পরে দেখা বল তো !"
-  "চল্লিশ বছর ?"
-  "বাড়ি ফেরার তাড়া আছে তোর ?”
-  “না, তেমন না | ইলাকে বলে এসেছি কোর্টের কাজ, সময় লাগতে পারে | কেন বলো তো ?”
কব্জির ঘড়িটায় চোখ রেখে মলিনাদি বলল, “কেমন আছিস ? চা খাবি ? খেতে খেতে বলবি ?”
আমি বললাম, “চা, এখানে ?”
-  “না, না ... কাছেই আমার বাড়ি, গেরুয়া রোডে | যাবি ?”
-  “কেন, তোমার আর কাজ নেই বুঝি বাড়িতে ?”
-  “কাজ ? একা মানুষের আর কাজ কী রে ? চল না, চল !”
-  “ঠিক আছে | তবে একটা কথা, পনেরো কুড়ি মিনিটের মধ্যে ছেড়ে দেবে তো ?”
-  “হ্যাঁ, হ্যাঁ ... এই রিক্সা !”

মলিনাদির বাড়ি কোর্টের রাস্তাটার উল্টোদিকে একটা বড় মাঠের ওপারে | রিক্সা থেকে নেমে জিজ্ঞাসা করলাম, “এইটুকু পথের জন্য রিক্সা নিলে কেন ?” মলিনাদি বলল, “আসলে আমার ওই গাড়ি ঘোড়ার রাস্তাটা পার হতে ভয় করে | বয়স হয়েছে, একা মানুষ, কে কোথায় ধাক্কা মেরে ফেলে দেবে |”

“আয় |” বলে মলিনাদি বাগানের গেটটা খুলল | ছোট্ট কোয়ার্টার, সামনে একটু বাগান, তাতে কিছু ফুলের গাছ | দু ধাপ সিঁড়ি উঠে ছোট বারান্দা | দরজা খুলে সামনের ঘরে ঢুকলাম | এক সেট সোফা, একটা ডিভান, দু একটা ঘর সাজানোর জিনিস আর একটা ছোট পড়ার টেবিল চেয়ার – ছিমছাম সাজ-সজ্জাহীন | সিলিং ফ্যান চালিয়ে দিয়ে মলিনাদি বলল, “দাঁড়া, চায়ের জলটা বসিয়ে দিয়ে আসছি |” এই বলে, ভিতরে যাওয়ার দরজা দিয়ে চলে গেল | আমি একবার চারিদিকে চোখ বুললাম | দেয়ালে একটা বিনে-ছবি বাংলা ক্যালেন্ডার | একটা ফ্রেমে বাঁধানো মুখি পরিবারের সাদা কালো ছবি, তাতে মলিনাদি শাড়ি পরা – দেখে মনে হল শেষ দেখা হওয়ার সময়ের | আর কারো কোন ছবি নেই | তাহলে কি ...
...

এক নিমিষেই আবছা স্মৃতির অনেক কথা দুর্বার বেগে ঝড়ের মতো উঠে আসতে পারে | ছোটবেলায় আমরা এক পাড়ায় থাকতাম | মুখি বাবুর বাড়ি ছিল আমাদের তিনটে বাড়ি পরে | অনেকটা এইরকম কোয়ার্টার | সামনে বারান্দা, তারপর পরপর বাইরের ঘর, ভিতরের ঘর, রান্নাঘর - পাশে এক ফালি সরু উঠোন, স্নানঘর, পায়খানা, আর পিছনের খিড়কি দরজা – সামনের থেকে খিড়কির, সব দরজা এক সারিতে |

যুধিষ্ঠির মুখি, মুখি বাবুর ছিল বড় পরিবার – পাঁচ মেয়ে আর এক ছেলে | প্রথমে মলিনাদি, তারপর বাবুয়া – আমার থেকে বছর দুয়েকের ছোট – তারপর আরও চার মেয়ে, নীলিমা, প্রতিমা, সরমা, আর সবশেষের জনের নাম বোধ হয় পুতুল | মাসীমা, মুখি বাবুর বউ, ছিল ক্ষীণকায়, ফর্সা, দুর্বল, টিকালো নাক আর সুন্দর চোখ-মুখের | তার ধারাটা অন্য মেয়েরা পেলেও, মলিনাদি নিয়েছিল বাবার ধারা – লম্বা, ময়লা, শান্ত, গভীর | খেলার জন্য বাবুয়াকে ডাকতে গেলে মলিনাদি ভিতরে ডাকত, “বাইরে কেন ? বাবুয়া খাচ্ছে - ভিতরে আয়, বোস ততক্ষণ |” আমি গিয়ে বসতাম বাইরের ঘরের একমাত্র চেয়ারে | ঘরটার বাকি অংশ জুড়ে ছিল একটা মস্ত খাট | ভিতরের ঘরে ছিল দুটো মাদুর পাতা চৌকি, একটা আলনা, আর অনেক জিনিস, এক কোনে মাসিমার ঠাকুরঘর – একটা ছোট কাঠের ঠাকুরবাড়ি | ঘরটায় সারাদিন ধূপ ধুনোর গন্ধ থাকত, আর থাকত ফুলের গন্ধ | বাইরের ঘর থেকে ভিতরের ঘরে যাওয়ার দরজাটার পরেই ছিল দেয়ালে ঝুলানো একটা বড় আয়না, তারপর আলনা | এই দরজাটায় একটা পর্দা থাকলেও তার অপর্যাপ্ত প্রস্থের পাশ দিয়ে আয়নাটা, আর তার প্রতিফলনে ভিতরের ঘরের কিছু অংশ দেখা যেত | তাই, আমি বসে থাকলে আয়নাটা একটু অস্বস্তির সৃষ্টি করত | বাবুয়া বেরোলেই এক লাফে উঠে বাইরে আসতাম |

কী ভাবে জানি না একটু একটু করে বুঝলাম মলিনাদির আমাকে নিয়ে একটা আগ্রহ হয়েছে | সেটা কোনদিন বাড়তে বা কমতে দেখলাম না | ব্যাপারটা কোনদিন খারাপও লাগে নি |

সেবার আমি ছুটির আগে ক্লাস সেভেন থেকে এইটে উঠে দূরের উচ্চমাধ্যমিক স্কুলে যোগ দিয়েছি | বাবুয়া যাবে আরও দু বছর পরে | গরমের ছুটি হয়েছে | মলিনাদি আমাকে মাঝে মাঝে স্কুলের কথা জিজ্ঞাসা করে, মাস্টাররা কেমন, ছেলেরা কত বদমাইশ, আমি স্কুল পালিয়ে কোথাও যাই কিনা | প্রায় দুপুরেই মুখি মাসিমা নীলিমা, প্রতিমা আর সরমাকে নিয়ে আমাদের বাড়ি আসে, মায়ের সাথে গল্প করতে | তিন বোন ইলার সাথে লুডো খেলে | একদিন মাসীমা বলল, “শোন ধ্রুব, মলিনা বলল তোকে পাঠিয়ে দিতে | বাবুয়া টিউশনে গেছে, ও একা আছে | যা, গল্প করবি তো |”

যেতেই মলিনাদি ভিতরের ঘরে নিয়ে গেল | একটা চৌকিতে পুতুল অঘোরে ঘুমোচ্ছে । মলিনাদি অন্য চৌকিতে উঠে কোলে একটা বালিশ টেনে আয়েস ঢালা গলায় বলল, “আয়, তোর কথা শুনি |”

কী গল্প করলাম মনে নেই | কিন্তু, সেবার প্রায় পুরো গরমের ছুটি কেটে গেল, দুপুরে আধো অন্ধকার ঘরে চৌকিতে বসে মলিনাদির সাথে গল্প করে | আমার কিছু তেমন বলার থাকত না, বিশেষ করে স্কুল বন্ধ বলে | তাও মলিনাদি যে কত প্রশ্ন করত | তখন আমার বয়স হয়ত তেরো, মলিনাদি বছর দুয়েক আগে স্কুল পাশ করেছে, তাই হয়ত ওর আঠেরো | মা বলত মলিনাদি আমার থেকে পাঁচ বছরের মত বড় |
...

এই সব চিন্তার স্রোতে ব্যাঘাত করে মলিনাদি ডাকল, “তুই চায়ে চিনি খাস তো ?” বললাম, “হ্যাঁ, তবে একটু কম দিও, চায়ের চামচের এক হলেই হবে |”
...

আমি জানি না মলিনাদি কেন কলেজে যায় নি | শুনতাম ওর জন্য ছেলে দেখা হচ্ছে | মলিনাদি অবশ্য সেই নিয়ে কোন কথা বলত না | আমার একটুও মনে নেই আমরা কী নিয়ে গল্প করতাম | কিন্তু, এটাও ঠিক কোন মেয়েলি বা ঘরোয়া ব্যাপার নিয়ে কোন গল্প ছিল না | এইটুকু বুঝতাম মলিনাদি আমাকে একটু অদ্ভুত ভাবে স্নেহ করত – বা, শুধু স্নেহ হয়ত নয়, সাথে একটু সমীহ করত, কেন না আমি লেখাপড়ায় ভালো ছিলাম | খুঁটিয়ে খুঁটিয়ে আমি কী বই পড়ছি জানতে চাইত, আমাকে বলত, “তোর পড়া হয়ে গেলে আমাকে একটু দিস তো |” তাও আমি মলিনাদিকে বই পড়তে দেখি নি কোনদিন, যদিও মাসিমা বাড়িতে উল্টোরথ, আর নবকল্লোল রাখত |

ক্লাস এইটে উঠে আমার কবিতা লেখার শখ হল, ক্লাসের আর পাঁচটা ছেলের মত | শীতের ছুটিতে এক দুটো লিখেও ফেললাম, দুপুর বেলায় সামনের বারান্দায় রোদে বসে | একদিন মলিনাদি মায়ের কাছে উল বোনা শিখতে এসে দেখে ফেলল | “দেখি, কী লিখছিস | কবিতা ?” বলে আমার হাতের খাতাটা নিতে চাইল | আমি কিছুতেই দেব না | টানাটানিতে আমার খাতা ধরা হাতের মুঠো মলিনাদির বুকের মাঝে দুম করে লেগে গেল জোরে | “উঃ” বলে ব্যথায় ককিয়ে উঠে মলিনাদি আমার খাতাটা ছেড়ে দিল | মা ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করল, “কী হয়েছে মলিনা ? জোরে লেগেছে ? দেখি দেখি |” দেখলাম যন্ত্রণায় মলিনাদির চোখে জল এসে গেছে | তাও, “কিছু না |” বলে মলিনাদি উঠে পড়ল | বলল, “আসি মাসিমা |”

মা আমাকে কিছু না বললেও কদিন আমি খুব মন খারাপ করে পড়ে থাকলাম | বুঝলাম না, মলিনাদির কোথায় ব্যথা দিয়ে ফেলেছি | নাকি গায়ে হাত লেগেছে বলে | কিন্তু, যখন দুপুরে আধো আঁধার ঘরে মলিনাদির সাথে গল্প করেছি কতদিন মলিনাদি আমার কথায় বিশ্বাস না করে আমার হাতের পাতা জামার বুকে চেপে ধরে বলেছে, “গা ছুঁয়ে বল, সত্যি বলছিস !” আমি ওর গা ছুঁয়ে “সত্যি !” বলেছি | কতদিন, যখন উঠে পড়েছি, মলিনাদি আমার গাল বুকে চেপে বলেছে, “আয় এবার | কাল আসবি তো ?”

তা হলে ? তাহলে কী ? সেই যে একদিন এমনি মলিনাদি আমার মাথা গাল নিজের বুকে চেপে ধরলে আমি বলেছিলাম, “মলিনাদি তোমার বুকের ধুকপুক শুনতে পাচ্ছি |” মলিনাদি বলেছিল, “আর কিছু ?” আমি মাথা নেড়েছিলাম | মলিনাদি বলেছিল, “খুব কান পেতে শুনলেও না ?” আমি মাথাটা তুলে বলেছিলাম, “কিসের শব্দ ?” মলিনাদি একটু চাপা হাসি হেসে বলেছিল, “একটা ছোট্ট গুটি পোকার বুকের ধুকপুক |” আমি অবাক হয়ে বললাম, “গুটি পোকা ?” মলিনাদি বলল, “গুটি পোকা ... শতপদ ... থাক, তুই বুঝবি না |”

এক নিমিষেই এই সব অনেক কথা মনের মধ্যে বৈশাখের দুপুরের অশরীরী তপ্ত হাওয়ার ঘূর্ণিপাকের মত পাক খেয়ে গেল, জমে থাকা ধুলো পাতা উড়িয়ে ওলটপালট করে দিয়ে | আমি বসে রইলাম এক অন্য কোয়ার্টারে, অনেক সময় পিছিয়ে গিয়ে |
...

মলিনাদি একটা ট্রেতে দু’কাপ চা আর একটা প্লেটে কটা নিমকি নিয়ে ঘরে ঢুকে বলল, “এবার কেমন গরম পড়েছে রে | সারাদিন ঘর বন্ধ করে অন্ধকারে বসে থাকি, আর দিন গুনি কবে একটু বৃষ্টি নামবে |”

আমি দেয়ালে চোখ বুলিয়ে বললাম, “শুধু তোমাদের মা-বাবা, ভাই-বোনের ছবি, আর কারো নেই কেন ?” মলিনাদি আঁচলে ঘাম মুছে বলল, “আর কার হবে বল | বিয়ে তো করি নি, মানে করা হয়ে ওঠে নি |”
-  “তাহলে এই কোয়ার্টার ? কার নামে ?”
-  “আমারই নামে | ও, তুই তো জানবি না । বাবা মারা গেলে আমি করেসপন্ডেন্স কোর্সে বিএ, বিএড করলাম । তারপর স্কুলে মাস্টারি । এখন আমি পাশেই  কস্তুরবা গার্লস স্কুলে পড়াই | ছ’বছর এক্সটেনশনে আছি | যতদিন রাখে, চিন্তা নেই | যাক, তোর খবর বল – বউ, ছেলেমেয়ে – কে কোথায় আছে, কী করে | তুই ইলার কথা বললি, ও কী তোর সাথেই আছে |
-  “হ্যাঁ | আমার তো এক ছেলে, দুর্গাপুরে কাজ করে | বউ মারা গিয়ে সাত বছর হয়ে গেল | তারপর ইলার বর মারা গেলে ওকে এনে রেখেছি সাথে | তোমার বোনেরা ? বাবুয়া ? ওরা সব কেমন আছে ?”

এইভাবে কথায় কথায় একটা বেজে গেল | বললাম, “তোমার খাওয়ার সময় হয়ে গেল | উঠি |” মলিনাদি বলল, “হ্যাঁ, আয় | আবার কবে আসবি বল | বাড়িটা তো চিনে গেলি | একদিন দুপুরে আয়, খুব গল্প করা যাবে | ইলাকেও আনিস |” আমি বললাম, “আসব | ইলা হয়ত আসতে চাইবে না – বাতের ব্যথায় ও আর বেরোতে চায় না | তোমার কি সুবিধা হবে দুপুরে এলে ?” মলিনাদি হেসে বলল, “আয় না দুপুরে, সেই ছোটবেলার গরমকালের মত |”

বাসে উঠে ছোটবেলার কথা ভাবতে ভাবতে বাড়ি ফিরলাম | সেকালে শুকনো গরম পড়ত | আমার মোটেও কষ্ট হত না | খালি গায়, কি গেঞ্জি গায়, থাকতাম | মলিনাদি তখন শাড়ি পরত না | প্রায় গোড়ালি অব্দি লম্বা ফ্রক পরত | আজকাল তাকেই গাউন বলে, বোধহয় । পাড়ার আর সব সমবয়সী মেয়েরাও ওইরকম ফ্রক পরত | মলিনাদি খুব উঁচু গলার ফ্রক পরত | মা মাঝে মাঝে বলত, “কী রে মলিনা, এত গরমে গলা উঁচু ফ্রক পরে তোর গরম লাগে না ?” মলিনাদি কথায় উত্তর না দিয়ে মাথা নাড়ত  | খালি সরস্বতী পুজোর দিন পাড়ার মেয়েদের সাথে মলিনাদি শাড়ি পরত | কেন জানি না, সেদিন আমি মলিনাদির থেকে নিজেকে আলাদা মনে করতাম । মনে করতাম এক সাথে গল্প করলে কী হবে, মলিনাদি আমার থেকে অনেক অনেক বড় | তবুও সেবার পুজোর দিন সকালে মলিনাদি বাবুয়াকে দিয়ে আমাকে বলে পাঠালো যে আমি যেন ওকে প্যান্ডেলে নিয়ে যাই অঞ্জলি দেয়ার জন্য | আমি বাবুয়াকে বললাম, “তুই থাকতে আমি কেন ?” বাবুয়া একটা কাঁধের ঝাঁকুনি দিয়ে বলল, “দিদিকে জিজ্ঞাসা করে জেনে নিস |”

আমি স্নান করে পাঞ্জাবি পায়জামা পরে মুখি বাবুর বাড়ির দরজার গায়ে কড়া নাড়তেই ভিতর থেকে মলিনাদি বলল, “চলে আয় | দরজা ভেজানো আছে |” আমি ঢুকে চেয়ারে বসে বললাম, “দরজাটা ভেজিয়ে দেব কি |” মলিনাদি বলল, “না থাক | তুই আছিস তো | বোস তুই,  লিপি আমায় শাড়ি পরাচ্ছে | পরা হলেই বেরব |” লিপি, মানে লিপিকাদি, থাকত মলিনাদির পাশের বাড়িতে, মাঝখানে একটা গলি ছেড়ে | ওর ভাই ছিল পাড়ার একমাত্র গুণ্ডা ।

মনে হল বাড়িতে শুধু মাসিমা আছে, রান্নাঘরে ব্যস্ত | ভিতরের ঘরটা অন্ধকার দেখে বুঝলাম উঠোনে যাওয়ার দরজাটা বন্ধ । দেখলাম ভিতরের ঘরের গলির দিকে জানালাটাও বন্ধ | বন্ধ জানালাটা চোখে পড়তেই চমকে উঠে বুঝলাম যে দুই ঘরের মাঝের পর্দাটা সরানো, তাই ভিতরের ঘরের দেয়ালে টাঙানো আয়নাটা পুরো দেখা যাচ্ছে চেয়ারে বসে | যদিও আয়নায় কাউকে দেখতে পেলাম না, ভিতর থেকে লিপিকাদি চেঁচিয়ে উঠল, “এই, খবরদার ! আয়না দিয়ে দেখবি না |” তারপরেই শুনলাম ভিতরে দুজনের চাপা গলায় হিসহিস করে কথাবার্তা |

সেদিন খুব অস্বস্তি সামলে দুই দিদিকে নিয়ে পাড়ার পুজোয় অঞ্জলি দিয়ে ফিরলাম | লিপিকাদি বাড়ি চলে গেল | মলিনাদি বলল, “ভিতরে আসবি না ?” আমি বিব্রত মুখে বললাম, “না |” মলিনাদি “বেশ” বলে বাগানের গেটটা খুলে ভিতরে ঢুকে  আমায় বলল, “শোন, কাছে আয় তো |” আমি কাছে গেলে চাপা স্বরে বলল, “কিছু দেখিস নি তো আয়না দিয়ে ?” তারপর গম্ভীর চোখে আমার গালে আলতো করে তালি মেরে বলল, “যা, বাড়ি যা |”

এই ছোট ঘটনাটার পর আমি মলিনাদিকে একটু এড়িয়ে চললাম, যদিও ওর দিকে থেকে আন্তরিকতায় কোন পরিবর্তন দেখলাম না | আমায় দেখলেই বলত, “আর আসিস না কেন ?”, কিম্বা, “খুব পড়াশুনা করছিস বুঝি ?”

আমি ক্লাস টেনে উঠলে মুখি বাবু একটু বড় কোয়ার্টার পেয়ে অন্য পাড়ায় চলে গেল | তার কয়েক বছর পরে আমারও সেই পাড়ায় গেলাম | তখন আমি কলেজে তৃতীয়-বর্ষে পড়ি | গরমের ছুটিতে বাড়ি এলে সকাল-বিকেল বন্ধুদের সাথে আড্ডা দিতে যাওয়া আসার পথে মুখি বাবুর বাড়ির সামনে দিয়ে যাই | কাউকে দেখি না | কোনদিন মুখি মাসিমা আসে মায়ের কাছে দুপুরে গল্প করতে | কিন্তু, আমাকে আর বলে না, “যা, মলিনা বাড়িতে একা আছে | গল্প করবি তো যা |” তাও একদিন মলিনাদির সাথে দেখা হয়ে গেল | বিকেলে গেটের কাছে দাঁড়িয়ে ছিল | মাথায় বেলি ফুলের মালা দেখে অবাক হলাম | মলিনাদিকে কোনদিন লোকদেখানো সাজতে দেখি নি | চেহারাটা দেখলাম শুকিয়ে গেছে | মুখটা ভর্তি ব্রণ | তবুও তারই মধ্যে চোখ দুটো আগেকার মত করুণাময় হয়ে আছে | আমায় দেখে একটু হাসল | তারপর হাতছানি দিয়ে ডেকে বলল, “শুনেছি তুই এসেছিস | কই একদিনও তো এলি না দেখা করতে | এখন কোথায় যাচ্ছিস ?” বললাম, “এই ... স্কুলের বন্ধুদের সাথে একটু আড্ডা দেব | তুমি কার জন্য দাঁড়িয়ে আছ ?”

-  "কার জন্য আর ? আমায় দেখতে আসবে ... তাই হত্যে দিয়ে পড়ে আছি ।"
-  "তাহলে আমি যাই । পরে তোমার সাথে কথা বলব ।"
-  “কী বলবি ? কী গল্প করিস তোরা আড্ডায় ? শুধু গল্প করিস, না চা, সিগারেটও খাস |”
-  “তাও খাই ... পয়সা থাকলে |”
-  “হ্যাঁ, মায়ের মুখে শুনলাম, মাসিমা দুঃখ করেছে যে তুই খুব সিগারেট খাস | শোন, খেলে খাবি, কিন্তু কম সম |”
-  “কমই তো খাই | আজ দেখো না, পকেটে পয়সা নেই | বন্ধুদেরও একই অবস্থা হলে আজ আর ...”
-  “তাই ? দাঁড়া |” বলে মলিনাদি ভিতরে চলে গেল | টুক করে ফিরে এসে হাতের মুঠো এগিয়ে দিয়ে বলল, “এই নে | কিন্তু, প্রমিস কর, কম খাবি |”
-  “তুমি কেন পয়সা দেবে ?” আমি বিব্রত হয়ে বললাম |
-  “যা না, মাত্র আট আনা তো | আবার লাগলে চাইবি |”

আট আনায় সেদিন পুরো এক প্যাকেট সিগারেট কিনলে পরে বন্ধুরা জেনে গেল | যেদিনই কারও  কাছে পয়সা থাকে না সবাই আমাকে বল, “ধ্রুব, যা না | একটা টাকা চেয়ে নিয়ে আয় |” বলতে হয় না | মাঝে মধ্যেই মাথায় বেলি ফুলের মালায় সেজে মলিনাদি গেটে দাঁড়িয়ে থাকে, আমাকে দেখে ডাকে, জিজ্ঞাসা করে, “ভালো আছিস ?” তারপর আমার ইতস্তত ভাব দেখলে, “আজ হাত খালি বুঝি ?” বলে ব্লাউজের গলায় হাত ঢুকিয়ে টুক করে একটা টাকা বের করে দিয়ে বলে, “যা, পালা |” একদিন এই ভাবেই টাকাটা বের করতে গিয়ে মলিনাদি হটাত ব্যথায় মুচড়ে উঠল | হাতটা ব্লাউজের গলায় আটকে রইল এক মুহূর্তের জন্য | আমি ভয় পেয়ে বললাম, “কী হয়েছে, মলিনাদি ?” মলিনাদি বলল, “কিছু না | টাকাটা ভাঁজ করে রেখেছিলাম, তার কোনায় একটু খোঁচা লেগে গেল পুরানো ব্যথার জায়গাটায় |”

সেদিন বাড়ি ফিরে ইলাকে বললাম সব কথা, আগে প্রমিস করিয়ে নিয়ে যে ও মাকে কিছু বলবে না | সব বলে জিজ্ঞাসা করলাম, “তুই কিছু জানিস ? মলিনাদি কিসের পুরানো ব্যথার কথা বলল ?” ইলা মাথা নাড়ল | না, ও কিছুই জানে না | বলল, “তুই বললে আমি মাসীমাকে জিজ্ঞাসা করতে পারি |” আমি বললাম, “থাক, দরকার নেই |”
...

বাড়ি ফেরার বাসে বসে সেই সব কথা ভাবতে ভাবতে মনটা খুব টানটান হয়ে  উঠল পুরানো দিনগুলোর জন্য | যদি আবার একবার সেই গরমকালের দুপুরের আধো অন্ধকার দিনে মলিনাদির চৌকির উপর বসে গল্প করার সময়ে ফিরে যেতে পারতাম | তাহলে মন দিয়ে ওর সব কথা শুনে মুখস্থ করে নিতাম, পরে জাবর কাটার জন্য | তাহলে হয়ত সেদিন না বুঝলেও আজ নিশ্চয় বুঝতে পারতাম মলিনাদির বুকে কোথায় ব্যথা ছিল | বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ঠিক করে নিলাম, ‘না, এরপর দেখা হলেই মলিনাদিকে জিজ্ঞাসা করব |’

কিন্তু অনেক দিন কেটে গেল | কতবার মলিনাদির কাছে গিয়ে এটা সেটা গল্প করে ফিরে এসেছি |
...

সদ্য বৃষ্টি শুরু হয়েছে | দুপুরে আর ঘুম আসে না | ভাবছি কাল মলিনাদির বাড়ি যাব দুপুরে | আমায় দেখে খুব খুশি হবে, “তুই এসেছিস | আমি তো ভাবছিলাম তুই আর দুপুরে আসবি না | আয়, ভিতরে আয় |” আমাকে বসিয়ে রেখে মলিনাদি ভিতরে চলে যাবে | ফিরে এসে বলবে, “এখনই চা খাবি, না একটু পরে ?” আমি বলব, “চা খাব ? এই ভর দুপুরে ?” মলিনাদি বলবে, “তাহলে থাক | তবে তুই খেলে আমিও খেতাম | এই বৃষ্টির জোলো হওয়ায় ... যদি বলিস কফি করতে পারি |”
আমি বলব, সুযোগ পেয়ে, “আচ্ছা, অবেলায় যা দেবে খাব, যদি একটা প্রশ্নের জবাব দাও |”
“ও, বাবা !” মলিনাদি বলবে, “এত বছর পরে এই সবে দেখা | এতদিনের সব কথা এখনও জানা বাকি | তার আগেই প্রশ্ন ? কী নিয়ে রে ?”
আমি বলব, “তোমার কি পুরানো কথা সব মনে আছে ? আমি যখন কলেজে, তুমি আমাকে মাঝে মধ্যেই বিকেলে আট আনা কি এক টাকা দিতে, আমার সিগারেট খাওয়ার জন্য ? ব্লাউজে ভাঁজ করে টাকা গুঁজে রেখে তুমি বাগানের গেটে দাঁড়িয়ে থাকতে |”
মলিনাদি মাথা হেলাবে, “মনে আছে |”
আমি বলব, “একদিন টাকাটা বের করতে গিয়ে তার ভাঁজের কোনে খোঁচা লেগে তুমি খুব ব্যথা পেয়েছিলে | বলেছিলে পুরানো ব্যথার জায়গায় খোঁচাটা লেগেছিল |”
মলিনাদি হাসবে, "হবে হয়তো |"
আমি বলব, “আর তার অনেক আগে - সেই পুরানো পাড়ারও টুকিটাকি কথা তোমার সাথে সেদিন দেখা হয়ে মনে পড়ে গেল - একবার আমার কবিতার খাতা নিয়ে টানাটানি করতে গিয়ে তোমার গলার নিচে আমার হাতের ধাক্কা লেগেও তুমি খুব ব্যথা পেয়েছিলে |”
মলিনাদি বলবে, “হ্যাঁ, ওটা মনে আছে ... কিন্তু, তার কথা এখন জেনে কী করবি ? ব্যথা তো একটা ছিল ... কিন্তু সে তো পুরানো হয়ে সয়ে গেছে | থাক না, অন্য কথা বল |”
আমি বলব, “না মলিনাদি | কথাটা ব্যথার শুধু নয় | তুমি সেই সময় আমাকে একটা গুটি পোকার কথা বলেছিলে একদিন | কিসের গুটি পোকা ?”
মলিনাদির দৃষ্টি কোমল করে বলবে, “ও ! ... সেই গুটি পোকাটা ? দেখবি ? দেখবি তুই গুটি পোকাটা ?”
আমি মাথা হেলাব |
...

মলিনাদি উঠে গিয়ে পাশের জানালার পর্দাটা টেনে দিয়ে এল | তারপর গলার পাক খুলে বুকের আঁচলটা একটু আলগা করে টেনে নামিয়ে দিয়ে বলল, “এই দেখ |” দেখলাম ব্লাউজের গলা খুব নিচু | তার উপরে বুকে একটা জড়ুল | না, গুটি পোকা নয়, শতপদও নয় | জোঁকের মত তেল চুকচুকে, কালো, কোঁচকানো গা একটা মস্ত জড়ুল | গাটা শিরশির করে উঠল | হয়ত শিউরে উঠেছিলাম | চট করে আঁচলটা তুলে গলায় জড়িয়ে নিয়ে মলিনাদি বলল, “তোকে ডেকে যে গল্প করতাম তা ছিল এই আশায় যে একদিন তুই ওটা টের পাবি | তখন তোকে ওটা দেখাবো | কেন জানি না, একটা বিশ্বাস হয়েছিল যে তুই দেখলেই ওটা সেরে যাবে | আমি ভালো হয়ে গিয়ে দিব্যি বিয়ে করতে পারব |”

আমি এক্কেবারে অবাক হয়ে বললাম, "তোমার মনে এই কুসংস্কারের ধারণাটা এসেছিল কী ভাবে ? আমি তখন জানলে কথাটা একদম উড়িয়ে দিতাম ।" মলিনাদি বলল, "আরে, ওই লিপিকা - ওই আমার মাথায় এইসব বুদ্ধি ঢোকাত । তোর কি মনে আছে একবার সরস্বতী পুজোর দিন – লিপিকা আমাকে শাড়ি পরাচ্ছিল, বাইরের ঘরের দরজা খোলা রেখে । আর তুই বাইরের ঘরে বসেছিলি | " আমি বললাম, "হ্যাঁ, লিপিকাদি তো আমাকে বলেছিল আমি যেন আয়না দিয়ে না তাকাই ভিতর ঘরের দিকে ।" মলিনাদি বলল, "সব ছল । ও বলেছিল, তোকে মানা করলে তুই ঠিক লুকিয়ে দেখবি । তুই দেখেছিলি কি, তাও ?" আমি বললাম, "কী যে বলো, মলিনাদি ! সেদিন আমি এত অস্বস্তিতে কাটিয়েছিলাম । সারাদিন ভেবেছিলাম তুমি আমাকে কতো খারাপ ভাবলে ।"
মলিনাদি বলল, "ওরে বোকা । তা কেন ভাববো ?"
আমি আশ্চর্য হলাম, "মানে ? তুমি কিছু মনে করো নি ?"

মলিনাদি মাথা নাড়ল, কথা বলল না । তারপর কোলে হাত জড় করে নিচু গলায় বলল, "আমিও তো ভাবতাম ... আমার এই জড়ুলের জন্য কোন ছেলে আমাকে শেষ পর্যন্ত পছন্দ করবে না, কেন না আমার সত্যবাদী পিতৃদেব পাকা দেখা হওয়ার আগেই পাত্রপক্ষকে বলে দিত আমার বুকে মস্ত একটা জড়ুল আছে । তাতেই সব ছেলে পালিয়ে যেত । তাই ভাবতাম – তুইও তো ছেলে । তুই যদি ওটাকে দেখে খারাপ মনে না করিস, দুরে না সরে যাস, তাও আমার কাছে আসিস, তাহলে জানতাম  ..."
...

আমি আর জিজ্ঞাসা করব না, "কী জানতে ?"
মলিনাদিও আর বলবে না, "জানতাম – যে সব ছেলের দৃষ্টি এক নয় । আর জানতে পারলে তোর মত একটা ভালো ছেলের আশায় অপেক্ষা করতাম ।"


------------------------------------
© ইন্দ্রনীর / ২৩ মে ২০১৬

শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬

বুকা

|| বুকা ||


ভেবেছিলাম কথাগুলো কী ভাবে গুছিয়ে লিখব | কতদিন আগেকার কথা | আমার কী না কী মনে আছে | তোমাকে বললে তুমিই কি মনে করতে পারবে ? আর, কী ভাবেই বা বলব ? কেটে গেল সাতাশ থেকে সাতান্ন – তোমার খোঁজ নিতে আজ অব্দি কাছে যেতে পারি নি | কেন, সে কথা এখন থাক ... বা, একটু পরে না হয় !

আমি শুধু একটা প্রশ্ন করতে তোমার কাছে যেতে চেয়েছিলাম – ওই কোকিলটা কোথা থেকে এলো ? আর এলো তো এলো, আমাকে ছাড়ে না কেন ? জানো, বছরের বড় জোর এক দু’ মাস – শ্রাবণে তুমুল বর্ষা নামার পর থেকে হেমন্তের শেষ অব্দি শুধু – কোকিলটা থাকে না | তারপর একদিন হঠাত এক ছিমছাম অমল সকালে শুনি তার হালকা গলায় প্রথম সংশয়ী কূ ডাক | ওই ডাক এক মূহুর্তে আমার মাস দুয়েকের তন্দ্রাচ্ছন্ন ভাবটা ভাঙিয়ে দিয়ে আমাকে সচকিত করে দেয় | ডেকেই একটু পরে ও আবার ডাকে, যেন আস্কারা চেয়ে ; আবার ডাকে একটু পরে | ক্রমশ ওর ডাক জোরালো হয়, ওর যে কী জেদই চাপে, আর ওর ডাকের লয় কত যে দ্রুততর হয় | শেষে গলাটা সপ্তমে তুলে চমকে উঠে ও ডাক থামিয়ে দেয় | কিছুক্ষণ পরে, যেন বুকে দম ভরে নিয়ে, ও আবার ফিরে ডাকে | ওর ওই ডাকের ওঠা নামা, ওর আসা যাওয়ার টানা পোড়েন আমাকে টেনে নিয়ে যায় এক অপার সময় সমুদ্রের কিনারে |

মনে পড়ে যায় পিয়ারুল, প্রত্যেক বার নতুন করে | নামটা কী মিষ্টি | বাবা সেবার বলেছিল আমরা গরম পড়লে পিয়ারুলে বেড়াতে যাব | সেখানে নাকি যে দিকেই তাকাও শুধু শাল গাছ | তখন কেন জানি আমার বুক ঢিপঢিপ করে উঠেছিল হটাত | সেই বয়সটায় আমার ওইরকমই হত হয়ত | ক’দিন আমার সবকিছু কেমন টানটান হয়ে উঠেছিল এক উৎসুক কাতরতায় | আর, বেশ কয়েক রাত আমি স্বপ্ন দেখছিলাম যে আমার মাথার উপর শালের মঞ্জরী, তার মাঝে কেউ লুকিয়ে আছে | আমি যেন জানি যে সে গাছের ডালে, পাতার ফাঁকে কোথাও লুকিয়ে আছে | কিন্তু মাথা তুলে দেখতে সাহস পাচ্ছি না, যদি সে পালিয়ে যায়, মাথায় মঞ্জরী খসিয়ে |

প্রথম দিন তুমি এলে, আর ছোট পিসি তোমার পরিচয় দিয়ে আমায় আভাস দিল যে তুমি আমার চেয়ে বড় | হয়ত ছিলে | মাথায় তো ছিলে, কিন্তু চোখ দেখে মনে হল না | তোমার চোখে দেখলাম একটা লুকানো কিছুর রহস্যময় বিহ্বলতা, যেমন লক্ষ্মী ট্যারার দৃষ্টিতে হয়, যেন তুমি এমন কিছু দেখে নিয়েছ যা চাও না আর কেউ দেখুক | আমার প্রথমেই ভয় হল তুমি আমাকে সরল মনে নেবে না | আমাকে নেয়ার কথা কেন ভেবেছিলাম তা মনে নেই | তবে ছোটবেলায় আমার একটা ভয় ছিল আমাকে ভালো কেউ নেবে না | আসলে মা আমাকে ছোটবেলা থেকে শাসন করার বদলে ভয় দেখিয়ে বলত, তোকে ভালো কেউ নেবে না | কিন্তু, তা তো হল না | দু’দিনেই – আমার ঠিক মত ভাবও হয় নি – তুমি এসে পিসিকে বললে, রবার্টসন সাহেবের বাড়িতে নাকি একটা সাদা ময়ূর এসেছে – সে ভারী সুন্দর, আর আমাকে জিজ্ঞাসা করলে আমি সাদা ময়ূর দেখেছি কিনা | আমি দ্বিধায় মাথা নেড়েছিলাম | ভয় ছিল সত্যি বললে যদি কিছু হয়, যদি তুমি আমার কথা অবিশ্বাস করো | আমি যে চাইছিলাম তোমার সাথে যেতে | কোথাও |

পরদিন আমি পিসিকে বলে তোমার সাথে গেলাম সাদা ময়ূর দেখতে | মেম-ঝিলের পাশ দিয়ে সাতটা কৃষ্ণচূড়ার গাছের নিচ দিয়ে কত দূরে আমার চলে গেলাম | আমরা কোন কথা বলি নি | তুমি আমাকে মাঝে মাঝে আড়চোখে দেখছিলে | শুধু একবার আমাকে তুমি বললে, “হারিয়ে গেলে একা ফিরতে পারবি ?” আমি মাথা নেড়েছিলাম | শীলঘাটা হলে অন্য কথা ছিল | ওখানে অনেক রিকশাওয়ালা আমাদের বাড়ির সবাইকে চেনে | কিন্তু পিয়ারুলের রিকশাওয়ালারা তো সব অচেনা | ওদের সাঁওতাল হাসি আমি বুঝতাম না | সারাদিন অলস বসে থাকত, আধো স্বরে কথা বলত, আর ঝকঝকে
সাদা দাঁত বের করে হেসে থুতু ফেলে আবার হাসত | মনে হত না ওরা কোনও কাজের লোক | হয়ত রিক্সায় উঠলে আধপথ নিয়ে যাবে | পরদিন পিসির বাড়ি এসে তুমি দেখবে আমি নেই | আর রিকশাওয়ালাদের জিজ্ঞাসা করলে ওরা থুতু ফেলে হাসবে |

তো, সেই লাল ইটের দেয়ালে ঘেরা বাংলোর উঠোনে আমি দেখলাম সাদা ময়ূরটা, দিব্যি দর্পে ঘুরে বেড়াচ্ছে | আমার কেন জানি না ঠিক ভালো লাগেনি | আমার বেশি ভালো লেগেছিল, পিছু টানছিল মেম-ঝিল, লেক ঘিরে কৃষ্ণচূড়ার সাতনরী – তুমি বলেছিলে কথাটা, ভুল বলেছিলে | আর, ভালো লেগেছিল বুকা মাহাতোর শালের বাগানের ভিতর দিয়ে শর্টকাট | শর্টকাট কথাটা সেই প্রথম তোমার কাছে শুনেছিলাম |

আমি কি তখন জানি যে ওই বুকা মাহাতোর শালের বাগান আর থাকবে না | আর তার কোকিলটা – ওখানেই আমি প্রথম যার ডাক শুনেছিলাম – আমার চেতনায় ঠাঁই নেবে | একই কোকিল, না অন্য কোন ? কোকিল ক’বছরই বা বাঁচে ?

ন’বার যখন তুমি আমায় নিয়ে যাচ্ছিলে রবার্টসন সাহেবের বাড়ি, ওই বুকা মাহাতোর শালের বাগানে হঠাত শুনলাম সর্বাঙ্গ শিউরে দেয়া একটা মায়াডাক | আমি চমকে উঠে উপরে তাকালাম উৎসটা দেখার জন্য | সোজা সোজা উঠে যাওয়া ঋজু শালের গুঁড়ির মাথায় অনচ্ছ সবুজ ছাউনির আকাশ | আমি তাকিয়ে রইলাম বুকের ঢিপঢিপ চেপে | তুমি আমার হাত ধরে টেনে বললে, চল, কিছু দেখতে পাবি না | আমি জিজ্ঞাসা করলাম, ও কে ডাকল ? তুমি অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে বললে, সে কী, তুই জানিস না ওটা কোকিল ? আমি জানতাম না | তাই বললাম, আমি কোকিল দেখব | তুমি বললে, আচ্ছা, ফেরার পথে দেখিস |

ফেরার পথে তুমি আমাকে নিয়ে শাল বাগানে দাঁড়ালে, আর বললে চুপ করে থাকতে | চুপ করেই ছিলাম, হটাত পায়ের কাছে জমিতে পড়া শুকনো শালপাতার মধ্যে থেকে সরসর করে একটা শব্দ হল | আমি ভয় পেয়ে তোমার গা ঘেঁসে দাঁড়ালাম | তুমি আমাকে টেনে তোমার গায়ে এক করে চুপ করে থাকলে | সে কতক্ষণ ! তারপর তুমি আমাকে দেখালে দূরে একটা বাদামী হলুদ সাপ | তার সারা শরীরের উপর কালো কালো ছাপ | আর, পিঠের উপর দিয়ে দুটো হলুদ ডোরা চলে গেছে লেজ অব্দি | আমাকে বললে, ওই দেখ, সাপটা চলে যাচ্ছে | চল এবার বাড়ি যাই | আমি তখন তোমার স্পর্শে, শাল মঞ্জরীর গন্ধে, বৈশাখের উত্তাপে আড়ষ্ট |  তোমার মা হতে তৈরি বুকে আমার মাথাটা মিশে যেতে দেখে তুমি চাপা এক হাসিতে হিলহিল করে উঠে বললে, এই ঢোঁড়া সাপ ! তুইও কি ঢোঁড়া সাপ ? তুই এমন চুপ করে গেছিস কেন ?

আমি লজ্জা পেয়ে বললাম, তুমি কি কোকিল দেখাবে না ? তুমি বললে, সেই লুকানো কিছুর অদ্ভুত আলো আঁধার ভরা মায়াচোখ নাচিয়ে, বুকা, জানিস না, কোকিল এমনি দেখা দেয় না | কোকিলের ডাক শুনতে পাবি, দেখা পাবি না |

কথাটা ঠিক তাই হল | আমি কত বনে জঙ্গলে যে ঘুরেছি – আম কাঁঠালের গাছে ঠাসা বাগানে গিয়ে বসে থেকেছি, কখনও কখনও হাতে ক্যামেরা নিয়ে | না | ছবির বইয়ে কোকিলের ছবি দেখেছি | অথচ, আমার কোকিলটা আমার সাথে থেকেছে, দেখা দেয় নি | তাই সন্দেহ হয়, কোকিলটা কি সত্যি | নাকি এটা আমার একটা ভ্রম | আমি যে মাঝে মাঝে ওর ওই নিঃসঙ্গ ডাক সহ্য করতে পারি না |

কী করতে পারতাম ? আবার পিয়ারুল যেতাম ? তোমাকে বলতাম ? তোমাকে বললে কি তুমি দেখিয়ে দিতে ? আমার কোকিলটাকে আমার থেকে আলাদা করে দিতে পারতে ? কিন্তু তাই বা কী করে হত | কোকিলটা তো এলো আরও ষোল বছর পরে, আমার সাতাশ পার হতেই |

সে দিন থেকে জীবনের এই রোগ লক্ষণ শুরু, সে কবেকার কথা | আমার আঠাশতম জন্মদিন ছিল সেটা | বন্ধুদের সাথে পুরী বেড়াতে গিয়ে হোটেল থেকে মাকে ফোন করেছিলাম | ফোনটা তোলার ঠিক আগে শুনলাম জানালার বাইরে ভুলে যাওয়া পিয়ারুলের কোকিলের ডাক | মনে পড়ে না পিয়ারুলের পরে এর আগে কখনও আমি কোকিলের ডাক শুনেছি | তাই মনে হয় সেইদিনই ওই কোকিলটা আমার সঙ্গ নিলো | সেই ডাকটা ছিল তীক্ষ্ণ আর আর্ত – যে ভাবে ভূমিকম্পের সময় মায়ের শঙ্খধ্বনিতে বাজতে শুনেছি – যেন কোকিলটা বলতে চাইল আমার দুঃসময় আগত |

কিন্তু, ফোনে আমার মৌখিক প্রণাম নিয়েই মা বলল, ভালো খবর আছে, তোর জন্য একটা মেয়ে খুব পছন্দ হয়েছে | খুব স্মার্ট আর ফর্সা | তুই কবে দেখতে আসবি বল | আমি একদম ছুটি পাই নি সে বছর | তাই আভাকে দেখতে গেলাম প্রায় এক বছর পরে | আমার বিপরীত, অসম্ভব সপ্রতিভ | এর পর ওকে দেখলাম বিয়ের রাত্রে | আমাদের ফাল্গুন মাসে বিয়ে হয়েছিল | বিয়ের লগ্ন ছিল গভীর রাতে | বিয়ের মন্ত্র পড়ব কি, কাছেই কোথাও কোকিলটা এসে জুড়ে বসল, আর ক্রমাগত ককিয়ে ডেকে গেল | কী বুক ভাঙ্গা সেই ডাক |

বাসর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, আভাও আমার পাশে পিঠে বালিশ দিয়ে ওর খোঁপায় ভারী মাথা আমার কাঁধে রেখে চোখের পাতা নামাল | কোকিলটা আবার ভর করল, পাগল করল ডেকে ডেকে | একবার ভাবলাম উঠে গিয়ে দেখি | কিন্তু আমি তো ইতিমধ্যে আভার সাথে গাঁটছড়ায় বাঁধা পড়ে গেছি |

ফুলশয্যার রাত্রে আভাকে প্রথম দেখলাম ঠিক করে | বা বলা যায়, প্রথম সবার থেকে আলাদা করে | আমি ঘরে ঢুকে দরজা ভেজিয়ে দিতেই কোকিলটার ডাক শুনলাম | একটু অন্যমনস্ক হয়েছিলাম কিনা জানি না | আভার চন্দনে সাজানো অসম্ভব ফর্সা মুখে মনে হল কিছুর একটা ছায়া পড়ল | বলল, কখন থেকে ওই কোকিলটা বড্ড বিরক্ত করছে ডেকে ডেকে | এই জানালার বাইরেই কোথাও আছে | বন্ধ করে দিই ? আমার উত্তরের অপেক্ষা না করেই ও উঠে জানালটা বন্ধ করে দিল | আমি ক্লান্ত ছিলাম | বিছানায় গা এলিয়ে বালিশে মাথা ফেললাম | আভা পাশে উপুড় হয়ে শুয়ে শাড়ির খসখস, চুড়ি বালার রিনরিন আর পান খাওয়া মুখের গোলাপজলের গন্ধের জাল ফেলে আমাকে ঘিরে ফেলে জিজ্ঞাসা করল, ঘুম পেয়েছে ? আমি বললাম, একটু | ও খুব হালকা ঠাট্টার গলায় জিজ্ঞাসা করল, আর ফুলশয্যার আদর ? পাচ্ছে না ?

তার কথা আগে ভাবি নি, বা ভেবে থাকলেও সেই মূহুর্তে মাথায় আসে নি, হয়ত ক্লান্তিতে | কী উত্তর দেব ভাবার আগেই আভা মুখটা নামিয়ে নিয়ে এলো | নিশিবাতির স্নিগ্ধ আভায় উদ্ভাসিত বিছানাটা দাউদাউ করে জ্বলে উঠলো বহ্নিশিখায় | আর সেই রাত, সারা রাত, একটা সাদা ময়ূর আমাকে ঠুকরে ঠুকরে খেল | নিজেকে মনে হল আমি এক নির্জীব সাপ হয়ে পড়ে আছি ওই সাদা ময়ূরের ধারালো চঞ্চু আর নখের নিচে |

আশ্চর্য হলাম না মোটেই, যখন খুব শিগগিরই আভা ধরে ফেলল যে আমি প্রায় সারা বছর, দিনরাত কোকিলের ডাক শুনি | ধরে ফেলল, কেন না ডাকটা শুনলেই আমি ব্যাকুল হয়ে আমার স্মৃতিতে বুকা মাহাতোর শালের বাগানে ফিরে যাই | তখন আমার চোখের মণিতে তাকালে দেখা যাবে আকাশভেদী শাল গাছের গুঁড়ি, আর তার উপরে ছাওয়া সবুজ শালের পাতা – যার মাঝে কোকিলটা লুকিয়ে | আভা মাকে কিছু জানালো না | আভা কাউকে কিছু বলার মত মানুষ নয় | ও চুপচাপ কাজ করার মানুষ | তাই ও সাদা ময়ূরটাকে বাগ মানাতে শুরু করল | বুনো ময়ূরটা কী ভাবে ওর যে বশ হয়ে গেল জানি না | কিন্তু তিন পক্ষের খেলা ঘোর হয়ে উঠল | কোকিলটা, একটা সাদা ময়ূর আর আমি, এক নির্জীব ঢোঁড়া সাপ | বশ মানানো ময়ূর বড় ভয়ঙ্কর হতে পারে, বড় হিংস্র হয়ে খেলাতে পারে তার শিকারকে | সেই খেলায় যেন সাপটাও আমার থেকে আলাদা হয়ে ক্রমে ক্রমে পাকা সেয়ানা হয়ে উঠল | রোজ রাতে যখন কোকিলটা ডাকে, আভা সংসারের কাজ গুছিয়ে শোবার ঘরে ঢুকে জানালাটা বন্ধ করে | তারপর নীল নিশিবাতিটা জ্বেলে রূপ বদলে সাদা ময়ূর হয়ে ঘনিয়ে আসে পরিশ্রমের বিছানায় | সাপটা তার উপর চোখ বুজে সন্ত্রস্ত হয়ে পড়ে আছে | জানে ময়ূরটা এসে নখর নখে তাকে ধরে, নামিয়ে আনবে তার শরীরের উপর দুই ধারালো চঞ্চু | তারপর সেই চঞ্চু একটু একটু করে সাপটার খোলস ছাড়াবে | চাপা শীৎকারের সাথে সাথে ছটফট করে সাপটার শরীর ছিঁড়ে ফালাফালা করবে | বাইরে কোকিলটাকে বোবা করে রাত গভীর হবে | তারপর ময়ূরটা, প্রোথিত বিমথিত ময়ূরটা, এক জৈবিক নির্যাস নিকষিত করে নেতিয়ে নিজের মসৃণ মসলিন আবরণে ঢুকে পড়বে | সাপটা তার ফালি ফালি শরীরটা জড়ো করে একটা জামায় পুরে বারান্দায় এসে দাঁড়াবে, ধুঁকবে | তখন কোকিলটা আবার ডাকবে, জানাবে, ও জেগে থেকেছে, সব শেষ হতে দেয় নি | চাঁদের আলো মেঘের আড়াল থেকে সাবধানে উঁকি মেরে পরিস্থিতি সহজ দেখে লাফ দিয়ে বেরিয়ে স্বস্তির হাসি হেসে চারিদিক আলো করবে | গাছের পাতায় শিরশির করে হাওয়া বলবে, ভোর হতে চলল | সেই খুশিতে কোকিলটা চঞ্চল হয়ে আবার ডাকবে | সাপটা বুকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বুকা মাহাতোর শাল বাগানে ফিরে যাবে |

এই ভাবেই আমি রোজ ঘুমিয়ে পড়েছি বছরের পর বছর | আর চেয়েছি বার্ধক্য | কিন্তু, ফিরে যেতে পারি নি পিয়ারুলে | পিসির মেয়ে সুরুচির কাছে খবর চেয়ে পেয়েছি – তোমার সেবায় থেকে রবার্টসন সাহেব মারা যাওয়ার পর তোমার কোন খবর নেই | সাহেবের বাংলো ভেঙ্গে পড়েছে | বুকা মাহাতোর শাল বাগান গাছ কেটে কেটে শেষ |

কাল রাত্রে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম | একটা শ্যামবর্ণ হাতের পাতা চিত করে ধরা, যার রেখাগুলো সুগভীর | তার উপর চন্দন রঙের একটা ভারী সুন্দর সাপ বুক পেতে শুয়ে | নির্মোক হীন সাপটার বাকি দেহ সেই হাতেরই কব্জি জড়িয়ে | যেন কৃষ্ণাঙ্গ ক্লীওপাত্রার হাতের এক আভরণ | আর একটা তেমনই শ্যামবর্ণ হাত সাপটার মাথার উপর আলতো করে রেখে বুলিয়ে ওকে আদর করছে | আমি বললাম, কী করছ ? তুমি বললে, ওকে বলছি, আমার ভাগ্যরেখায় পড়ে থাকিস না, সরে যা |

সারাদিনে অনেকবার আভা এসে দেখে গেছে আমি চিঠিটা হাতে নিয়ে বসে আছি | ওর কোন কৌতূহল নেই কাগজ পত্রে | ও শুধু জানে আমি একটা চিঠি লিখছি কাউকে, যার ঠিকানাটা সুরুচিকে বলেছি দিতে | আভা একবার দু’বার জিজ্ঞাসা করেছে, কতদিন ধরে চিঠিটা লিখছ | শেষ করবে না ?

ঠিক কথা, কিন্তু, একটু আগে সুরুচি ফোন করেছিল | বলতে, তুমি আর কোনও ঠিকানায়ই নেই |

তবুও কলমটা তুলেছি | একটা কথা না লিখলেই নয়, যা কাল হটাত মনে পড়েছে, আর আমি ধরে ফেলেছি কোকিলটাকে |

সেবার শেষদিন যখন আমি তোমাকে বলেছিলাম, তুমি আমাকে দেখাবে না কোকিল ? তুমি বলেছিলে, চল তাহলে বুকা মাহাতোর বাগানে | কই, ওখানে গিয়ে তো তুমি আমাকে কোকিল দেখালে না | শুধু, চারিদিক দেখে, তোমার কাছে আমায় টেনে তোমার হাতের তালু আমার বুকে চেপে বললে, বুকা কোথাকার ! কোকিল এখানে থাকে | বুঝিস না, তুই ?

আমি বুঝেছি, এখন বুঝছি, সেদিন তুমি তোমার হাতের তালু দিয়ে ঠেলে আমার বুকের কপাট খুলে একটা কোকিল ঢুকিয়ে দিয়েছিলে | সে ডাকত, আর আমি বুকার মত তাকে বাইরে বাইরে খুঁজতাম | তাই না, আয়াদি ?


-----------------------------------------------
© ইন্দ্রনীর / ১৬ এপ্রিল ২০১৬

মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৬

খাপ

|| খাপ ||


অভি প্রতিভাকে জিজ্ঞাসা করল, “সোমাকে দেখছি না |” প্রতিভা বলল, “সোমা রাজেশকে নিয়ে একটু বেরিয়েছে |” অভি ভুরু কুঁচকে বলল, “কাল মেয়েটার বিয়ে, আর আজ ছেলেবন্ধুকে নিয়ে বেরিয়েছে ?”  প্রতিভাও একটু বিরক্তির স্বরে বলল, “জানি না ... ওদের মধ্যে যে কী আছে | আজ কত বছর হয়ে গেল, এখনও একজন আরেকজনকে ছাড়তে পারে না | রোজ ফোনে ঘণ্টার পর ঘণ্টা কথা | তারপরে ফেসবুক, চ্যাট, এসএমএস ... কী না !”
অভি – “কোথায় গেছে কিছু বলে গেছে ?”
প্রতিভা – “সোমা বলল রাজেশকে পার্কটা দেখিয়ে দেবে |”
 

ঘড়িতে এখন দুপুর তিনটে |
 
অভি – “পার্ক ? এই ভর দুপুরে ? তোমার কি মনে হয় ওদের মধ্যে কিছু ... ?”
প্রতিভা – “না, তা মনে হয় না | সোমা তো আমার সামনেই ওর সাথে ফোনে বকবক করে | তেমন তো কোনও লুকিয়ে কথা বলার ইচ্ছা, বা কোনও আড়ষ্টতা দেখি না ওর মধ্যে | এই যা, ছেলেটা সোমাকে খুব মানে | ওর কোনও ঝামেলা হলেই সোমাকে সেটা জানাবে, আর জিজ্ঞাসা করবে, ‘বল, এখন কী করি ?’ তারপর সোমা যা বলবে তাই করবে | এত বাধ্য ছেলে আমি দেখি নি |”
অভি – “কী রকম ঝামেলা ? কই আমি তো কিছু জানি না | ছেলেটা তো বেশ গোবদা-গাবদা | সারাদিন মুড়ি-মিছরির মত ব্যাগ থেকে ওষুধ বের করে খাচ্ছে | মনে হয় কিছু হেলথ প্রবলেম আছে | কিন্তু, এছাড়া ওর কিছু সমস্যা আছে বলে তো মনে হয় নি | তুমি জানলে কী করে ?”
প্রতিভা – “তুমি বাড়িতে থাকলে তো জানবে | এই তো দু মাস আগে রাকেশ ফোন করল, ওর ছোট বোন – বছর খানেকও হয় নি বিয়ে হয়েছে – বাড়ি ফিরে এসেছে | স্বামীর সাথে মানিয়ে নিতে পারে নি | রাকেশ ফোন করে বলল, ‘সোমা, বল তো এখন কী করি ? আমার তো মনে হচ্ছে সিম্মিকে (বোনের নাম) গলা ধাক্কা দিয়ে বরের কাছে ফেরত পাঠাই |’ সোমা ওকে খুব বকলো প্রথমে, তারপরে অনেক বোঝালো | এখন ভাই বোন দিব্যি আছে |”
অভি – “হ্যাঁ, রাকেশ কিছু একটা বলছিল, ওর বোনের সম্বন্ধে | মেয়েটা বোধহয় লেখাপড়া করা | এমএ না কী পাশ করেছে | বলছিল, বোনকে ওর আর ওর বাবার ব্যবসায়ে পার্টনার করে নেবে ... এই রকম কিছু একটা |”
প্রতিভা – “আমার কেন জানি না মনে হয় ছেলেটার বুদ্ধিসুদ্ধি একটু কম |”
অভি – “কম ? কেন ?”
প্রতিভা – “ওই যে ... কেমন দুম করে ব্যাঙ্গালোরের অত ভালো চাকরিটা ছেড়ে বাড়িতে চলে এলো | এখন কোন চাকরি নেই | বাপের ঘাড়ে বসে খাচ্ছে, আর বাপের টাকায় কী সব বিজনেস করার কথা ভাবছে | সোমা বলে ওর কোনও আইডিয়াই নেই | বাপের সব টাকা নষ্ট করবে ... সোমার কী যে দরকার ছিল, ছেলেটার চাকরি বাকরি কিছু নেই – তাকে বিয়েতে আসতে বলার | এসেই ও বলেছে ও যে উপহারটা দেবে সেটা তেমন কিছু দামী নয় |”

সোমার সাথে রাকেশের আলাপ নর্থ-বেঙ্গলে ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে | সোমা অঙ্ক বুঝতে পারত না | ক্যালকুলাস নিয়ে একটা বিরাট সমস্যা ছিল | তখন ক্লাসে রাকেশের পাশে বসতে শুরু করে, কেন না রাকেশ ক্লাসে কোন পরীক্ষা হলে টুক করে পেপার লেখা শেষ করে জমা দিয়ে সিগারেট খেতে চলে যেত | সেই অঙ্ক দেখানো থেকে দুজনের বন্ধুত্ব | সোমা দ্বিতীয়-বর্ষে কলেজ ছেড়ে চলে এলেও রাকেশের সাথে যোগাযোগ রেখেছিল | তারপর আট বছর কেটে গেছে | একসময় প্রতিভার মনে অনেক আশংকা দেখা দিয়েছে | কিন্তু সোমা হেসে বলেছে, “মা, রাকেশ খাঁটি পাঞ্জাবি | ও পাঞ্জাবি ছাড়া বিয়ে করবে না | আর আমারও ওর প্রতি কোন দুর্বলতা নেই | ও শুধু আমার বন্ধু মাত্র | কাজেই তুমি চিন্তা কোর না | দেখেছো তো ওকে আমি ভাইয়া বলে রাগাই |”

পার্কের বেঞ্চে বসে পড়ে কপাল থেকে ঘাম মুছে সোমা বলল, “বল, কী বলবি বলে কাল থেকে মাথা খারাপ করছিস ?” রাকেশ একটু অন্যমনস্ক হয়ে (নর্থ-বেঙ্গলে চার বছর থেকে শেখা পরিষ্কার বাংলায়) বলল, “তুই আমাকে তোর বিয়েতে কেন ডেকেছিস ?”
সোমা, অবাক হয়ে, “মানে ? আমার বিয়েতে তোকে ডাকব না তো কাকে ডাকব ?”
রাকেশ – “কাজটা কী ঠিক করলি ? কাকু, কাকিমা কী ভাবছে ? নিশ্চয় ভাবছে যে কেন এক ডাকে ছেলেটা ইন্দোর থেকে ছুটে এলো, তাও সারাটা পথ বিনা রিজার্ভেশনে, ট্রেনে |”
সোমা – “বা রে ! আমার বিয়েতে তুই আসবি না ? আচ্ছা, আমি যদি উল্টো প্রশ্ন করি, আমি ডেকেছি তো কী হয়েছে, তুই এত কষ্ট করে এত দূরে ছুটে এলি কেন ?”
রাকেশ – “শুধু একটা কথা জানতে |”
সোমা – “কী কথা ? ফোনে কেন জানতে চাইলি না ?”
রাকেশ – “এই জন্য যে হয়ত তুই উত্তর দিবি না ... এড়িয়ে যাবি | আর তাহলে আমার আর কোনও উপায় থাকবে না |”
সোমা – “কিসের উপায় ? কী তুই এত হেঁয়ালি করে কথা বলছিস ? এই জন্যই কি এই ভর দুপুরে পার্ক দেখতে চাইলি ?”
রাকেশ – “না | ভর দুপুরে পার্কে আসতে চাইলাম, কারণ আমি চাই একটু নিরিবিলিতে তোর সাথে কথা বলতে | আমি চাই দরকার হলে তোর উপরে জোর খাটাতে |”
সোমা – “জোর ? কিসের জোর ?”
রাকেশ হাতের হাতব্যাগটা থেকে খবরের কাগজে মোড়া একটা কিছু বের করে কাগজটা ছাড়িয়ে দেখালো, আর বলল, “এর জোর |”
সোমা অবাক হয়ে দেখল, একটা ছুরি, হাতলে কারুকার্য করা, সম্ভবত হাতির দাঁতের | সুন্দর দেখতে ছুরিটা | ফলাটা বেশ লম্বা – তার দুদিকই ধারালো | সোমা বলল, “বাহ | কোথায় পেলি এটা ?”
রাকেশ – “এটা একবার নেপাল গিয়েছিলাম
, তখন | যখন কিনেছিলাম, তোকে বলি নি | কেন না ....”
সোমা – “বলিস নি | তুই কি যাই কিনিস আমাকে জানাস ?”
রাকেশ – “না তা করি না | তবে এই ছুরিটা তোকে উপলক্ষ করে কিনেছিলাম ... তাই বলছিলাম |”
সোমা – “ওহ, হেঁয়ালির পর হেঁয়ালি ! দে, আমার জন্যেই এনেছিস তো আমায় দে |”
রাকেশ –“সাবধান ! হাত কেটে যেতে পারে ... দাঁড়া একটু | একটা প্রশ্ন জিজ্ঞাসা করার আছে | আগে তার উত্তরটা জেনে নিই | তারপর ছুরিটা হয় আমার কাছে থাকবে, নয় তোর কাছে যাবে |”
সোমা –“তার আগে বল, ছুরিটার খাপ নেই, আর তুই ওটাকে হাতব্যাগে নিয়ে রেখেছিস | যদি ব্যাগে হাত ঢোকাতে গিয়ে হাত কেটে যায় ?”
রাকেশ – “না, না, ছুরিটা এতক্ষণ আমার স্যুটকেসে ছিল | এখন নিয়ে এসেছি |”
সোমা – “এখানে কেন নিয়ে এসেছিস ?”
রাকেশ – “একটা নিষ্পত্তি করতে |”
সোমা – “কিসের নিষ্পত্তি ?”
রাকেশ – “এই যে ... না ! আগে শোন – একটা প্রশ্ন করব | যা উত্তর দিবি ভেবে চিনতে দিবি | আই’ম ভেরি সিরিয়াস | এটা একটা জীবন মরণের প্রশ্ন আমার কাছে | হয়ত তোরও |”
সোমা – “আমার জীবন মরণের প্রশ্ন ? কী ভাবে ? ও ! ভয় দেখাচ্ছিস ! সেই জন্যে এই ছুরিটা এনেছিস ? নাহ, তোকে নিয়ে আর পারি না | নে, চট করে প্রশ্নটা করে নে |”

রাকেশ একটু চুপ করে থেকে বলল, “জানিস এই ছুরিটার ফলাটা ফাঁপা ... মানে এর ফলাটা হল আসলে দুটো ধার-জোড়া দেয়া পাতলা পাতলা ফলা, দুটোই বাইরের দিকে একটু ফোলা | ছুরিটার ছুঁচলো আগাটায় একটা সূক্ষ্ম ফুটো আছে | সেই ফুটো দিয়ে যাকে মারা হবে তার শরীরের রক্ত ওই ফাঁপা ফলাটার ভিতর টেনে নেয়া যায় | মানে, ছুরিটা এমন ভাবে তৈরি করার উদ্দেশ্যেই তাই | এর হাতলে একটা কায়দা আছে | হাতলটার মাথায় একটা বোতাম মত আছে | এই দেখ |” রাকেশ দেখালো ছুরিটার হাতলের মাথায় একটা বোতাম – অনেকটা রান্নাঘরের গ্যাস লাইটারের মাথায় যেমন থাকে | রাকেশ বলল, “ধর, যদি আমি এই ছুরিটা তোর বুকে ঢুকিয়ে দিয়ে এই বোতামটা বার কয়েক টিপে ছেড়ে দিই, তাহলে ছুরিটার ফলার ভিতরটা তোর রক্তে ভরে যাবে |”

একটা অস্বস্তিতে গলাটা ধরে এলেও, সোমা নীরস গলায় বলল, “কী করবি সেই রক্ত দিয়ে ?” প্রশ্নটা শুনে খানিকক্ষণ একটু বোকার মত মুখ করে থেকে রাকেশ হটাত হা হা করে হেসে উঠল | তারপর বলল, “জানি না | তবে আমাকে এই ছুরিটা যে বিক্রি করেছিল সে বলেছিল, আগেকার দিনে শত্রুকে মেরে তার রক্ত দিয়ে মা কালীর পুজো করার চল ছিল নাকি | আবার অনেক সময় কোন মেয়েছেলের সাথে কেউ খারাপ কাজ করলে, তার দাদা, ভাই কি স্বামী সেই অপরাধী কে মেরে তার রক্ত নিয়ে গিয়ে বোন বা স্ত্রীকে দেখাত – সর্ট অফ লাইক এ প্রুফ – বুঝেছিস | তুই তো জানিস এমনিতে খোলা হাওয়ায় রক্ত চট করে জমে যায় | কিন্তু, এই ছুরি দিয়ে শুষে নেয়া রক্ত নাকি অনেকদিন তরল থাকে |”
সোমা –“বুঝলাম | কিন্তু, কারো ব্যবহার করা ছুরি তুই কিনলি কেন ? সেও আমার জন্য ...”
রাকেশ –“কে বলল ছুরিটা ব্যবহার করা ? আর আমি কখন বললাম তোর জন্য ছুরিটা কেনা ? আমি বললাম যে তোকে উপলক্ষ করে ছুরিটা কেনা ... কিন্তু এখন একটা মুশকিল হয়েছে |”
সোমা –“আবার মুশকিল ? কী মুশকিল ?”
রাকেশ –“ভাবছি, তোকে কী দেব তোর বিয়ের উপহার হিসাবে ?”
সোমা –“না বাবা, আর যাই দিস এই খাপ খোলা ছুরিটা আমায় দিস না | এবার, নে, চট করে প্রশ্নটা কর, যা করতে চাস |”
রাকেশ –“আমি ... আমি জানতে চাই, আমাদের দু’জনের মধ্যে যা ছিল, যা আছে ... সেটা কী ? মানে, আমাদের সম্পর্কটা কী ?”
সোমা –“কী আজেবাজে প্রশ্ন করছিস তুই ! তুই আমার বন্ধু, আমি তোর বন্ধু | ব্যাস !”
উত্তরটা শুনে রাকেশ একটু থতমত খেয়ে অন্যদিকে তাকালো | তারপর, ছুরিটার ছুঁচলো আগাটা বাঁ হাতের মণিবন্ধে শিরার উপর চেপে ধরল | সোমা চমকে দেখল সেখানে এক বিন্দু রক্তের ফোঁটা দেখা দিয়ে আস্তে আস্তে বড় হতে শুরু করল | তারপর অদ্ভুত ভাবে সেটা ছোট হয়ে অদৃশ্য হয়ে গেল, যেন ছুরির ফলাটা রক্তটা শুষে নিলো | সোমা ব্যাকুল হয়ে রমেশের ছুরি ধরা ডান হাতটা টেনে সরাতে সরাতে বলল, “রাকেশ এ কী করছিস ?”
রাকেশ –“আগে তুই সত্যি উত্তরটা বল |”
সোমা হার মেনে সরে যাওয়ার ভঙ্গিতে নিজের হাত দুটো গুটিয়ে বলল, “থাক না | আমার ছুরিটা না হয় খাপে বন্ধ থাক |”


-----------------------------------------------------------------------------------
© ইন্দ্রনীর / ২২ ফেব্রুয়ারি ২০১৬

বুধবার, ৪ নভেম্বর, ২০১৫

ফ্র্যাক্টাল

|| ফ্র্যাক্টাল ||


একটু আগে সন্ধ্যা হয়ে রাস্তায় বাতি জ্বলেছিল, শীত নেমে আসছিল | বাওয়ারিং ইন্সটিটিউট থেকে বেরিয়ে পার্কের পাশ দিয়ে যেতে যেতে দেখলাম পৌষমেলার আলোয় আলো হয়ে আছে | গানের জলসা বসেছে | একটা উঁচু করে মঞ্চ বাঁধা হয়েছে, উপরটা খোলা | তার উপর বসে কেউ খালি গলায় গান গাইছে | সামনে অনেক – প্রায় শ’ দুয়েক হবে – চেয়ার পাতা | ধবধবে সাদা রং করা বেতের চেয়ার | তাতে বসে মগ্ন  হয়ে গান শুনছে লোকে | সামনের সারি গুলোয় ভিড় এড়াতে, আমি পিছনের দিকে গিয়ে বসলাম | এই সারিটা প্রায় ফাঁকা | এই প্রান্তে কয়েকটা চেয়ার ছেড়ে এক পুরুষ আর মহিলার জুটি বসে | লোকটার পাশের দুটো জায়গা ছেড়ে বসলাম | বসতেই দু’জনে আমার দিকে তাকাল – পুরুষটা মাঝ বয়সী, কপালের উপর ব্যাক ব্রাশ করা চুল পাতলা হয়ে পিছিয়ে গেছে | মহিলাটা না সাদামাটা না সুশ্রী দেখতে যুবতী – চোখে চকিত হরিণের চোরা চাউনি | আমি মুখ সামনে ফিরিয়ে গান শোনায় মন দিলাম |

চুপচাপ দুজন হটাত মনে হল চাপা গলায় কিছু কথা কাটাকাটি করল | আমি কী কৌতূহলে ওদের দিকে তাকাতেই আমার দিকে তাকিয়ে লোকটা উঠে দাঁড়ালো | সজোরে বলল, “চলো, তোমাকে বাসে তুলে দিই |” মেয়েটা উঠে দাঁড়াতে গিয়ে আবার বসে পড়ল | কেন জানি না, আমার মনে হল আমার উপস্থিতি ওদের অন্তরঙ্গতায় কিছু ব্যাঘাত ঘটিয়েছে | ভাবলাম উঠে যাই, কিন্তু ততক্ষণে লোকটা সারিটার অন্য প্রান্তের দিকে এগিয়ে গেছে | বসে থাকা লোকদের হাঁটুর সামনে জায়গা কম, তাই বেশি দূরে যেতে পারে নি | শুনলাম, বলতে বলতে এগোচ্ছে, “এক্সকিউস মি ! এক্সকিউস মি !”

তখনই মেয়েটা ডাকল, “শুনুন !” আমি অবাক হয়ে তাকালাম | মেয়েটার চোখে গভীর আবেদন | বলল, “যদি কিছু মনে না করেন, একটু আসবেন আমাদের পিছন পিছন |” এগিয়ে যাওয়া লোকটা এদিকে ফিরে ডাকল, “এসো ... এর পর আর বাস পাবে না |” মেয়েটা আমার দিকে থেকে মুখ ঘুরিয়ে চেঁচিয়ে “আসছি” বলে গলা খাদে নামিয়ে বলল, “প্লিজ !” তারপর উঠে দাঁড়িয়ে অনিচ্ছুক দেহভঙ্গিতে লোকটার পিছু নিলো | কিছু দূর গিয়েই আমার দিকে ফিরে তাকাল, খুব আকুতি মাখানো দৃষ্টিতে – বুঝলাম কোনও বিপদের আভাস পেয়েই আমার সাহায্য চাইছে | ওরা দুজনে সারিটার ওপর প্রান্ত থেকে বেরিয়ে গেলে আমি আমার প্রান্ত থেকে বেরিয়ে ওদের উপর চোখ রেখে এগলাম | আমাকেও তো বাস ধরতে হবে |

পার্কের বাইরে রাস্তাটা শূন্য | বাতির তলায় কুয়াশা নেমে আসছে | এদিক ওদিক এক আধটা কুকুরকুণ্ডলী | রিকশার হুড নামিয়ে আলোয়ান মুড়ি দিয়ে রিকশাওয়ালারা ঘুমচ্ছে | পার্ক থেকে ভেসে আসা গান বাতাসে ভারী কুয়াশায় বেধে গুলিয়ে যাচ্ছে | সামনের মোড়ে বড় রাস্তায় ডানদিক ঘুরলেই বাস স্ট্যান্ড | লোকটা আর মেয়েটা মোড়ে পৌঁছে দাঁড়িয়ে পড়ল | লোকটা পিছন ফিরে তাকাল | তারপর মনে হয় আমাকে দেখে হনহন করে আমার দিকে এগিয়ে আসতে লাগলো |

আমার কাছাকাছি এসে আক্রমণাত্মক ভঙ্গিতে বলল, “আপনি ? আবার ?”
আমি আশ্চর্য হয়ে বললাম, “আবার মানে ?”
- “মানে বুঝিয়ে বলতে হবে ? একটু আগে আপনি এসে আমাদের পাশে বসেছিলেন না ? এখন আবার পিছু নিয়েছেন | কেন ?”
-    “কোথায় পিছু নিলাম ?”
-    “এই যে আমাদের পাশে এসে বসলেন ... এখন আমাদের পিছন পিছন আসছেন | ভাবছেন আমি বুঝি না ? বারবার একই ব্যাপার হচ্ছে |”
-    “দেখুন, আপনি ভুল বুঝছেন | আমি বাস ধরতে যাচ্ছি | সামনেই আমার বাস স্ট্যান্ড |”

ঠিক তখনই গর্জন করে একটা বাস বেরিয়ে গেল | দেখলাম মেয়েটা সামনের রাস্তায় আর নেই | লোকটা চমকে পিছন ফিরে সেদিকে তাকিয়ে বলল, “যাহ ! আবার ... আবার সেই একই ব্যাপার হল |”

না জিজ্ঞাসা করে পারলাম না, “কী ব্যাপার ? মাফ করবেন, আমি ঠিক বুঝতে পারছি না আপনি বারবার ‘আবার’ বলছেন কেন ?”
লোকটা আমার দিকে ফিরে তাকিয়ে বলল, অনেকটা স্বগতোক্তির গলায়, “দেখলেন না, আপনার জন্য ও আবার চলে গেল |”
- “আমার জন্য ? কে ? আপনার সাথের ওই ভদ্রমহিলা ?”
- “হ্যাঁ |”
- “উনি কে ? যদি কিছু মনে না করেন |”
- “সেটাই তো জানি না |”
- “জানেন না ? তবে যে আপনারা একসাথে ...”

লোকটা ভুরু কুঁচকে আমার দিকে তাকাল | তারপর বোধহয় আশ্বস্ত হয়ে যে আমাকে বিশ্বাস করা যায়, জিজ্ঞাসা করল, “আপনি সত্যিই কিছু জানেন না ?” যেন কোন অলীকের সন্ধান পেতে চলেছি, বললাম, “কী জানব ? কী করেই বা জানব ? আমি তো আপনাকে বা ওনাকে আগে কখনও দেখি নি | ব্যাপারটা কী বলুন তো |”

লোকটা একটা সিগারেট বের করে জ্বালাল | দেশলাইয়ের আলোয় মুখটা দেখে কেমন যেন চেনা চেনা মনে হল | কোথাও দেখেছি | কবে ? কোথায় ? লোকটা একমুখ ধোঁয়া ছেড়ে হাত তুলে পার্কের দিকে ইঙ্গিত করে বলল, “ক’বছর ধরে পৌষমেলার এই গানের জলসার দিন এই একই কাণ্ড ঘটছে |  এই দিন সকাল বেলায় মেয়েটা ফোন করে | চিনি না জানি না, অথচ নাম ধরে চেনা মানুষের মত বলে, ‘তাহলে, পৌষমেলায় গান শুনতে আসছেন তো ? আমিও আসছি, আটটা নাগাদ | শেষের সারিতে থাকব |’ আমি জানতে চাই, ‘তুমি কে ?’ ও বলে, ‘দেখবেন, পরনে অমুক রঙের শাড়ি, গায়ে তসুক রঙের শাল থাকবে | সন্ধ্যাবেলায় আসুন, পরিচয় দেব | বেশি দেরী করবেন না | আমি কিন্তু নটার বাস ধরে ফিরব | আপনি তুলে দেবেন |’ অগত্যা আমি আসি ; কয়েক বছর ধরে এই ভাবে আসছি | প্রত্যেক বারই কোন না কোন কারণে আমার আসতে দেরী হয়, প্রায় নটা বেজে যায় | ও আগেই এসে বসে থাকে | আজকাল মুখ চিনতে কষ্ট হয় না | আমি ওর পাশে বসে  যেই জানতে চাই, ‘কে তুমি ?’ ও বলে, ‘বলব, বলব | যখন বাসে তুলে দিতে যাবেন, বলব ... দেরী করে এসেছেন, এখন চুপ করে গান শুনুন |” একটু পরেই কোন এক অচেনা লোক এসে আমাদের কাছে বসে, যেমন আজ আপনি এসে বসলেন | লোকটা এলেই ও যেন একটু অস্বস্তি বোধ করে | আমিও তখন ঘড়িতে দেখি প্রায় নটা বাজে, আর বলি, ‘চলো, এবার তোমাকে বাসে তুলে দেব | যেতে যেতে বোলো তুমি কে |’ আমরা উঠি, আর অচেনা লোকটাও উঠে আমাদের পিছু নেয় | তাই দেখে আমার রাগ হয়, মুখোমুখি হয়ে লোকটাকে চেপে ধরি, জানতে চাই লোকটা কী চায় | আমাদের কথা কাটাকাটির মধ্যে মেয়েটার বাস এসে পড়ে, আর ও উঠে চলে যায় | ওকে আর দেখি না | আবার এক বছর ধরে অপেক্ষা করি, কিন্তু প্রতি বছর একই ব্যাপার হয় !”

আমি কিছুটা অবিশ্বাস্য ভাবে বললাম, “কিন্তু আমি তো এই প্রথম আপনাদের দেখলাম |” লোকটা বলল, “হ্যাঁ, প্রত্যেক বছরই আলাদা লোক দেখি | কিন্তু অচেনা লোক পাশে এসে বসলেই ও বলে, যেমন এবার আপনি এলে বলল, “এই রে ! আবার সেই লোকটা ! শিগগির উঠুন | আমাকে বাসে তুলে দিন, আমি পালাই | নইলে বিপদ |”
- “কিসের বিপদ ?”
- “ঠিক জানি না | সেটাই তো জানবার কোন সুযোগ পাই নি আজ অব্দি |”

আমি একটু ভেবে বললাম, “আপনি কি গত বছর আমাকে দেখেছিলেন ?”
লোকটা বলল, “না, না | গত বছর যিনি এসে আমার পাশে বসেছিলেন, তিনি তো আলাপ করে নিজের পরিচয় দিয়েছিলেন | গুজরাটি সম্ভবত, নামটা মনে নেই | বিদেশ থেকে কদিনের জন্য এসেছিলেন, কোনও সেমিনারে অংশ নিতে | সামনেই বাওয়ারিং ইন্সটিটিউটে উঠেছিলেন |”

লোকটার কথায় গত বছরের কথা মনে পড়ে চমকে উঠলাম | সে’ বছর ঠিক এই সময় কলেজের বন্ধু আহমেদাবাদের নাগা (নাগামুনেন্দ্র) এসেছিল | বাওয়ারিং ইন্সটিটিউটে উঠে আমায় ফোন করেছিল | এসেছিল ফ্র্যাক্টালের উপর কী একটা সেমিনার এ যোগ দিতে | আমাকে বোঝাতে পারে নি ফ্র্যাক্টাল ব্যাপারটা কী | বলেছিল, ‘পঞ্চতন্ত্রে মনে আছে, গল্পের ভিতর গল্প, তার ভিতরে গল্প ?’ কিছুটা সেই রকম ব্যাপার | তবে ফ্র্যাক্টালের যত ভিতরেই যাবি, দেখবি ভিতর ভিতর গল্পটা একই |’

ওর সাথে গল্প করতে করতে দেখছিলাম ওর টেবিলে রাখা একটা খুব চকচকে রঙচঙে গোল ফিতে | আমার দৃষ্টি লক্ষ্য করে নাগা বলেছিল ‘এই রকম মবিয়াস স্ট্রিপ দেখেছিস ? এক পার্টি সেমিনারে এই মবিয়াস স্ট্রিপ বিলি করছে |’ কলেজে সাদা কাগজের ফালিতে এক পিঠে সাইড-এ, অন্য পিঠে সাইড-বি লিখে প্রান্ত দুটো জোড়া দিয়ে জিনিসটা বানিয়েছি | কিন্তু এত রঙচঙে কখনও দেখিনি | হাতে নিয়ে দেখলাম ওটা প্লাস্টিকের | রংটা ক্রমাগত সবুজ থেকে হলুদ হয়ে আবার সবুজ হয়ে গেছে | তাতে চৌকো ছোপ কাটা বিপরীত রঙের – সবুজে হলুদ আর হলুদে সবুজ | কোথাও জোড়া দেখা যাচ্ছে না | ওটা হাতে নিয়ে হরিনামের মালার মত ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে কেমন যেন সম্মোহিত হয়ে পড়লাম | সেটা লক্ষ্য করে নাগা বলল, “এই, বেশি ঘাঁটিস না – দেখবি এক পিঠ থেকে অন্য পিঠে যেতে যেতে আসল থেকে অলীক জগতে পৌঁছে যাবি |”

সন্ধ্যা নামলে উঠে পড়ে নাগাকে বলেছিলাম, “শোন, সামনে পার্কে পৌষমেলা হচ্ছে | এখন গানের জলসা আছে | যাবি ? তারপর কোথাও একসাথে ডিনার করা যাবে |”

ও আশ্চর্য ভাবে তাকিয়ে, মাথা নেড়ে বলেছিল, “আমি হয়ত যাব, তবে তোর সাথে নয় |”
- “মানে ?”
- “রহস্যময় ব্যাপার ! আমি সিঙ্গাপুর থেকে কদিনের জন্য এসেছি ; এখানে কেউ আমায় চেনে না | আর, এক মহিলা আজ সকালে আমাকে ফোন করে জলসাটার কথা বলছে, যেন আমাকে চেনে | ওই ভাবেই জিজ্ঞাসা করেছে,  ‘যাবে ? আমি যাব আটটা নাগাদ |’ আমি জিজ্ঞাসা করলাম, ‘তুমি কে ? চিনব কী করে ?’ বলল, ‘এসো না, আবার না হয় পরিচয় দেব | শেষের দিকের সারিতে থাকব | দেখবে লাল সিল্কের শাড়ি আর গায়ে ক্রিম রঙের শাল, চুলে পনীটেইল বাঁধা মবিয়াস স্ট্রিপে |’ তখন বুঝলাম মহিলাটি সেমিনারে এসেছে | হয়ত কাল বুফ্যে লাঞ্চ করার সময় ছিল, কেউ আলাপ করিয়েছিল |”
- “তুই যাবি তাহলে ?”
- “এখনও জানি না | ভাবছি, কে না কে অচেনা মহিলা !”


-------------
ফুটনোট :
ফ্র্যাক্টাল: এক বিশেষ জ্যামিতিক রেখা বা আকার যার প্রতি অংশে ও সমগ্রতায় একই পরিসংখ্যাত বৈশিষ্ট্য পাওয়া যায়, ও যার প্রতি ক্রমাগত ক্ষুদ্রতর অংশে নিম্নতর মানে সদৃশ আকার দেখা যায় |
(Fractal (Mathematics) noun: A curve or geometrical figure, each part of which has the same statistical character as the whole, in which similar patterns recur at progressively smaller scales.)

------------------------------------------
© ইন্দ্রনীর / ০৪ নভেম্বর ২০১৫


মঙ্গলবার, ১৬ জুন, ২০১৫

নির্ভরতার সম্পর্ক

|| মনে ধরে ||

সময়টা স্কুল থেকে ফেরার | উপেন বাবু রান্নাঘরের জানালা থেকে দেখলেন নিচে রাস্তায় একটা গাড়ি ঘিরে খুব ভিড় | গাড়ি থেকে একটু সরে দাঁড়িয়ে দু’জন মহিলা, সাথে স্কুল ফিরতি কয়েকটা বাচ্চা | কলোনির সিক্যুরিটির পোশাক পরা একটা লোক, আর একটা এমনি লোক গাড়িটার গা ঘেঁসে, তার দরজা আর বনেট খুলে কিছু করছে | এ ছাড়া বেশ কিছু নিষ্ক্রিয় লোক দাঁড়িয়ে দেখছে কী হচ্ছে |

উপেন বাবুর ফ্ল্যাট চার তলায় | তরকারী কেটে কুটে গ্যাসে বসিয়ে দিয়ে, ব্যালকনিতে এসে আঁচ করার চেষ্টা করলেন কী হয়েছে | পরিস্থিতির কোনও পরিবর্তন নেই | সেই সিক্যুরিটি গার্ড আর অন্য লোকটা হাতে কিছু সরঞ্জাম নিয়ে গাড়ির এদিক ওদিক খোঁচাখুঁচি করছে | মহিলা দু’জন, একজন বয়সী, পরনে ছিট কাপড়ের সালোয়ার কামিজ, অন্যজন, কম বয়সী, ছাই রঙের স্ল্যাক্সের উপর একটা সাদা টপ পরে, ঠায় দাঁড়িয়ে দেখছে | স্কুলের ব্যাগ পিঠে নিয়ে বাচ্চাগুলো একটু সরে একটা গাছের ছায়ায় দাঁড়িয়ে | ঘন মেঘ করেছে | তারই কোথাও এক ফাঁক দিয়ে দুপরের তীব্র আলো চারিদিকে ঠিকরচ্ছে | এই ভ্যাপসা গরমে উপেন বাবু বেশি ক্ষণ দাঁড়াতে পারলেন না | ঘড়িতে দেখলেন সময় প্রায় দু’টো | রান্না ঘরে ফিরে রান্নায় মন দিলেন |

কিছুক্ষণ পরে আবার একবার রান্নাঘরের জানালা দিয়ে তাকিয়ে দেখলেন, একটা স্কুটারে করে দুজন লোক এসে নামল | পিছনে বসা লোকটা হাত থেকে একটা বাক্স মত নামিয়ে ঢাকনি খুলে লম্বা কিছু একটা বের করল | এত দূর থেকেও তার কমলা রঙের হাতল দেখে মনে হল স্ক্রু-ড্রাইভার | ‘ও, তাহলে এরা মেকানিক !’ ভাবলেন উপেন বাবু, ‘তার মানে গাড়িটা খারাপ হয়েছে | কিন্তু, অদ্ভুত তো, গাড়িটা স্কুল থেকে ফিরে, ঠিক বাড়িতে পৌঁছেই খারাপ হল !’

একটু পরেই ব্যাপারটা জানা গেল | একটা সিক্যুরিটি গার্ড এসে ঘণ্টি বাজিয়ে খাওয়ার জল চাইল | উপেন বাবু একটু বিরক্ত হলেন | এই এক জ্বালা হয়েছে | কেউ আসে কাউকে খুঁজতে, কেউ আসে খাওয়ার জল চাইতে | সবাই যেন এসে তাঁরই ঘণ্টি বজায় | অনেক বার ভেবেছেন জিজ্ঞাসা করবেন, “নিচের ফ্ল্যাটে কি কেউ নেই নাকি ? এই চার তলায় উঠে এসেছ |” কিন্তু, জিজ্ঞাসা করতে পারেন না | মৃদুলার কথা মনে করে চুপ করে যান | মৃদুলা আপত্তি করতেন, “আহা, এত গরমে কেউ একটু জলে চাইছে, দিয়েই দাও না |”  তারপর স্বগতোক্তি করতেন, “মানুষটা যদি কাউকে কোনদিন মনে ধরে কিছু দিতে পারে | একদিনও দেখলাম না কাউকে খোলা মনে কিছু দিতে |” তবুও, প্রত্যেক বার উপেন বাবুর মনে প্রশ্নটা উসখুস করে, আর ভাবেন, ‘আচ্ছা, সবাই কি জেনে গেছে আমি একা থাকি ? না হলে গেরস্থ ঘরে না গিয়ে আমার কাছেই সবাই কিছু চাইতে আসে কেন ?’ আসলে, অযথা কারো সাথে কিছু দেয়া নেয়া উপেন বাবু পছন্দ করেন না | পাছে কোন নির্ভরতার সম্পর্ক গড়ে ওঠে |

গার্ডটার জল খাওয়া হলে উপেন বাবু জিজ্ঞাসা করলেন, “আচ্ছা, ওই গাড়িটার কী হয়েছে ? তখন থেকে ভিড় দেখছি |” গার্ডটা নিঃস্পৃহ ভাবে বলল, “ওর দরজার লক খারাপ হয়ে গেছে |” উপেন বাবু বললেন, “বুঝলাম না | লক খারাপ মানে ?” গার্ড আবার সংক্ষিপ্ত উত্তর দিল, “জাম হয়ে গেছে বাবু, লকটা জাম হয়ে গেছে |” গার্ডটাকে আর এক গেলাস জল এনে দিয়ে, এবং আরও বেশ কিছু প্রশ্ন করে জানা গেল ম্যাডাম (গার্ডের আঙ্গুল অনুযায়ী কম বয়সী মহিলা) নিজের এক বাচ্চা, আর পাড়ার আরও কিছু বাচ্চা নিয়ে স্কুল থেকে ফিরে গাড়ি থামিয়ে দেখে গাড়ির দরজার লক খুলছে না, এমন কী কাঁচও নামান যাচ্ছে না | গাড়ির ভিতরে আটকা পড়ে গিয়ে গরমে বাচ্চাদের দমবন্ধ হওয়ার জোগাড় | ম্যাডাম গাড়ি থেকে বেরনোর অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে মোবাইলে মাতাজীকে (গার্ড বয়সী মহিলাকে দেখাল) খবর দেয় | মাতাজী নিচে এসে সিক্যুরিটি গার্ডকে ডাকে | প্রথমে ম্যাডাম গাড়ির ভিতর থেকে বনেট খুলে দেয় | কিন্তু ব্যাটারি, ইলেকট্রিকাল তার, এইসব ঘাঁটাঘাঁটি করে কোন কাজ হয় না | তখন সিক্যুরিটি কাছের বস্তি থেকে একটা লোককে ডেকে আনে যে  নাকি জানে কী ভাবে লক করা দরজা খোলা যায় | সে
(গাড়ি চোর ?) গাড়ির জানালার আর কাঁচের মাঝের রাবারের পট্টি উপড়ে ফাঁক করে ভিতরে একটা লম্বা খুন্তি ঢুকিয়ে কোনও ভাবে দরজা খুলে ম্যাডাম আর বাচ্চাদের বের করে | গাড়িটা একদম নতুন | এখন ওই ম্যাডাম ভয় পাচ্ছে যে গাড়িতে বৃষ্টির জল ঢুকবে | তাই মিস্ত্রী ডাকা হয়েছে দেখাতে কী করা যায় | তবে সে ঠিক হবে কিনা বলতে পারছে না |

উপেন বাবু খেয়ে উঠেছেন কি বৃষ্টি নামল টিপটিপ করে | সেই সাথে ভয়ঙ্কর মেঘের ডাকে ইঙ্গিত যে জোরে বৃষ্টি নামবে একটু পরেই | উপেন বাবু ব্যালকনিতে গিয়ে দেখলেন গাড়িটার আশেপাশে কেউ নেই | বনেট আর দরজা সব বন্ধ | কিন্তু, মনে হল যেন, গাড়িটার জানালার কাঁচ নামান | ‘সর্বনাশ’, ভাবলেন উপেন বাবু, ‘তা হলে তো গাড়ির ভিতরে জল ঢুকে যাবে |’ ঠিক তখনই তাঁর নজরে পড়ল, সামনের ফ্ল্যাটে তিন তলায় একটা জানালায় কেউ দাঁড়িয়ে গাড়িটা দেখছে |

খানিকক্ষণ পরে বৃষ্টিটা একটু থামলে উপেন বাবু কী কৌতূহলে আবার ব্যালকনিতে গিয়ে দেখলেন সেই জানালায় সে আর নেই | তখনই নজরে পড়ল, ওই ফ্ল্যাটেরই ব্যালকনিতে সেই ছাই রঙের স্ল্যাক্স আর সাদা টপ পরা মহিলা দাঁড়িয়ে | একেবারে নিশ্চল | উপেন বাবু কল্পনা করলেন মহিলা মন খারাপ করছে এমন নতুন গাড়িটায় এই ভাবে জল ঢুকবে, নিশ্চয় সিটের গদি ভিজে যাবে, হয়ত নষ্টই হয়ে যাবে, বেশি ভিজলে |

উপেন বাবু শোয়ার ঘরে এসে আলমারি থেকে মেয়ের দেয়া দূরবীনটা বের করলেন | সচরাচর ব্যবহার করা হয় না | আর ফ্ল্যাটে বসে দেখবেনই বা কী | রান্নাঘরে এসে দূরবীনটা চোখে লাগিয়ে মহিলার মুখে তাক করলেন, দেখতে তাতে কি কোন দুঃখের ছাপ, নতুন গাড়ি নিয়ে | কিন্তু মেঘ করে আলো এত কমে এসেছে যে ঠিক বোঝা গেল না |

উপেন বাবু দূরবীনটা রেখে ঘরে তালা দিয়ে বেরলেন | নিচে এসে গ্যারেজের দরজা খুললেন | কলোনিতে খুব কম লোকের গ্যারেজ আছে | বেশির ভাগ লোক রাস্তায় গাড়ি রাখে | ওনার গ্যারেজ এখন খালি পড়ে থাকে | নিজের টাকায় কোন কালে গাড়ি কিনতে পারেন নি | মৃদুলা স্কুল থেকে অবসর নিলে তার পাওনা টাকায় শখ করে একটা গাড়ি কিনতে চেয়েছিলেন | পয়সার অপচয় হবে অজুহাতে উপেন বাবুর আপত্তি ছিল | মৃদুলা জোর করে গাড়ি কেনালে, উপেন বাবু একটা প্লাস্টিকের গাড়ি ঢাকার বর্ষাতি কিনেছিলেন | তারপর মৃদুলা কী ভাবে এই গ্যারেজটাও কিনে ফেলেন এক প্রতিবেশীর কাছে থেকে | উপেন বাবু গাড়ি চালান শিখতে চান নি, তাই মৃদুলা একটা ড্রাইভার রেখেছিলেন | মৃদুলা মারা গেলে মেয়ে গাড়িটা বিক্রি করে দেয় | কিন্তু গ্যারেজটা বিক্রি করে নি, বলেছে কোনদিন ফ্ল্যাটটা বিক্রি করলে গ্যারেজ শুদ্ধ বেশি দাম পাওয়া যাবে |

প্লাস্টিকের বর্ষাতিটা নিয়ে উপেন বাবু গার্ড রুমে গিয়ে দেখলেন সেই লোকটাই আছে যে জল খেতে এসেছিল | ওকে প্লাস্টিকটা দিয়ে বললেন, গিয়ে গাড়ির ম্যাডামকে দিয়ে আসতে | গার্ডটা অনিচ্ছাসত্ত্বেও বর্ষাতিটা নিয়ে চলে গেল |

তারপর উপেন বাবু ফ্ল্যাটে ফিরে এসে রান্না ঘরে গিয়ে জানালা দিয়ে তাকালেন | দেখলেন নিচে দুজন গার্ড বর্ষাতিটা গাড়িটার উপর বিছিয়ে দিয়ে কোনাগুলো আটকাচ্ছে | সেই মহিলা তার মাকে নিয়ে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে | উপেন বাবুর একবার মনে হল দূরবীনটা দিয়ে দেখেন মা মেয়ের মুখে সোয়াস্তির হাসি ফুটেছে কি, কিম্বা কোনও কৃতজ্ঞতার ছাপ ?

তার আগেই সহসা ঝমঝম করে বৃষ্টি নেমে চারিদিক ধোঁয়াটে হয়ে গেল | মা মেয়ে ব্যালকনি থেকে অদৃশ্য হয়ে গেল | যেতে যেতে 
যেন মৃদুলা একবার তাঁর দিকে চেয়ে দেখলেন, উপেন বাবুর মনে হল ||

----------------------------------
© ইন্দ্রনীর / ১৫ জুন ২০১৫

শুক্রবার, ১২ জুন, ২০১৫

জাম কুড়ানোর পালা



|| জাম কুড়ানোর পালা ||

ক্রীড়া সদনের পাশে যে রাস্তায় ভোর ভোর হাঁটতে যাই, সেটা ভারী সুন্দর | হালকা চড়াই উতরাই নিয়ে রাস্তাটা এঁকে বেঁকে গেছে মাইল খানেক | একপাশে সমান ঘাসের খেলার মাঠ, অন্যপাশে জমিটা কয়েক হাত উঁচু | সেখান থেকে কিছু কৃষ্ণচূড়া, কিছু জিলাপি, আর অনেক অচেনা গাছ রাস্তাটার উপর মাতৃস্নেহে ঝুঁকে আছে ছায়ার আঁচল বিছিয়ে | আর তার মাঝে এক দুটো জামের গাছ – একটু বেমানান | ঝড় ঝাপটা হলে পরদিন দেখি জাম গাছ তলায় অজস্র জাম পড়ে আছে | পাদচারীরা তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে, জাম, কৃষ্ণচূড়া ফুল সমান তাচ্ছিল্যে মাড়িয়ে |

কদিন ধরে এই জাম নিয়ে এক কান্ড দেখলাম | তার কথা বলি –

যারা নিয়মিত হাঁটতে আসে, তারা প্রায় সবাই একা | গরমের ছুটি হলে একটু একটু করে ‘গ্রীষ্ম শিবিরে’ নিয়ে আসা স্থানীয় বাচ্চাদের বাবা মা পাদচারীদের ভিড় বাড়াতে লাগল | তারা রোজ ওই ঘণ্টা কয়েক কোথায় যাবে ? তাই, এদিক ওদিক উদ্দ্যেশ্যহীন ভাবে ঘুরে বেড়ায়, আর তাদের জুড়ি এই ভিড়ে যারা একা হাঁটে তাদের উপস্থিতি যেন বেশি প্রকট করে তোলে |

সেই প্রকটিতদের মধ্যে একজন মহিলা খুব ঢ্যাঙ্গা, রোগা, রং ময়লা | খেলার লাল গেঞ্জি আর নীল পায়জামা পরে খালি পায়ে দ্রুত গতিতে হাঁটে | যদিও শরীরের বক্রতা এখনও সুস্পষ্ট, বয়েস তিরিশের কোনদিকে তা বোঝা মুশকিল  | দ্বিতীয় মহিলা দেখে মনে হয় সদ্য স্কুল ছেড়ে কলেজে যাওয়া উনিশে পড়ুয়া মেয়ে | মেদ ভারে সম্পন্ন শরীরটা খাটো | চোখে চশমা, পরনে কিশোরী সুলভ হলুদ টপ আর বাদামী স্ল্যাক্স | ভালো করে লক্ষ্য করলে তার নাভির কাছে স্ফীতি দেখে মনে হয় সে সংসারে ঢুকে পড়েছে | এর কানে লাগানো থাকে গান শোনার তার | মাথা নিচু করে শ্লথ গতিতে হাঁটে | আবার মাঝে মাঝে পার্কিঙে গিয়ে গাড়িতে দরজা খুলে ড্রাইভারের জায়গায় বসে থাকে | তৃতীয় মহিলা চল্লিশের কাছাকাছি | অসম্ভব মোটা কিন্তু খুব সাবলীল | পরনে গায়ের সাথে চিপে লেগে থাকা বিসদৃশ গোলাপি গেঞ্জি আর আকাশী নীল প্যান্ট | তার দ্রুত হাঁটার মধ্যে একটা অদ্ভুত আলস্য | এই তিন জনেরই ব্যক্তিত্বে একটা সাধারণ বৈশিষ্ট্য একটা সুস্পষ্ট একাকীত্ব | চতুর্থ জন সাদা হাফপ্যান্ট আর সাদা গেঞ্জি পরা বছর পঁচিশের এক রোগা শিখ যুবক | পাগড়ি হীন মুখে অসম্ভব বুনো চুলদাড়ি | চেহারা, চুল সব মিলিয়ে একটা অসহিষ্ণু খিটখিটে ভাব |

একদিন দেখলাম হলুদ সাদার সাথে হাঁটছে | কথাও বলছে অনর্গল – কিন্তু পাশাপাশি হাঁটছে একটু দূরত্ব রেখে | ক’দিনেই সেই দূরত্ব কম হল | আসতে যেতে অতিক্রম করার সময় কথা না বুঝলেও, স্বর শুনে মনে হল পরিচিতির অন্তরঙ্গতা জমে উঠেছে | আবার কিছু দিন দেখি সাদা একা একা হেঁটে বেড়ায় – হলুদের সঙ্গ নেই | একদিন দেখি হলুদ লালের সাথে ভাব করেছে | লালের সাথে পাল্লা দিয়ে জোরে হাঁটছে, কান থেকে ইয়ার-ফোন খসে পড়েছে | উত্তেজিত দুজনের কথাবার্তা | এই সখিত্ব কিছুদিন চলল | তারপর হলুদ আবার একাকিনী | একদিন দেখি একটা জাম গাছ তলায় লাল আর গোলাপি জাম কুড়চ্ছে | হলুদ পাশ কাটিয়ে চলে গেল | তার পিছনে একটু পরে সাদা গেল | ধরতে পারলাম না কে কবে কার সঙ্গ নেবে সেটা কী ভাবে ঠিক হয় |

আশ্চর্য হলাম, একদিন দেখি একটা ছোট গাছের নিচে চারজনকে একসাথে | সাদা গাছের একটা নিচু ডাল ধরে ঝাঁকাচ্ছে, আর হলুদ, গোলাপি আর লাল নিচে হুমড়িয়ে পড়ে নানান শিশুসুলভ হামাগুড়ির ভঙ্গিতে কিছু কুড়চ্ছে | এক দফা ঘুরে এসে দেখি একই দৃশ্য, তবে আরও উদ্দীপ্ত | তিনটি মেয়েলি গলায় প্রচুর উত্তেজনা একসাথে সাদাকে প্ররোচিত করছে | তার খিটখিটে ভাব মনে হল কিঞ্চিত মোলায়েম হয়েছে | গাছটাকে ভালো নজর করে সন্দেহ হল জাম গাছ | কিন্তু কোন জাম দেখতে পেলাম না | ক’দিন পরে দেখি তিন জম্বু-রঙ্গিণী গাছের নিচে জমায়েত | সাদা রাস্তার উল্টোদিকে শুকনো গাছের ডাল খুঁজে বেড়াচ্ছে | একটু পরে দেখলাম সে সেই ডাল গাছের উপরের দিকে ছুঁড়ে ছুঁড়ে মারছে | আর তার সাথে সাথে মহিলা কণ্ঠের উত্তেজিত কুহরণ – বুঝলাম ফলন অপ্রত্যাশিত ভালো | একটু পরে দেখা গেল চারজন গোল হয়ে ঘাসে বসেছে | দূরত্বের সম্ভ্রম চুলোয় গেছে | প্রায় হাঁটুতে হাঁটু ঠেকিয়ে মাঝখানে একটা রুমালে রেখে তুলে তুলে জাম খাচ্ছে সবাই | সেই সাথে গল্প, হাসাহাসি | মনে হল, ‘আচ্ছা, এদের কি বাড়িঘর নেই ? অবশ্য আমি বা তা জেনে কী লাভ করব ?’

এখন গরমের ছুটি শেষ | পাদচারীর ভিড়ও কম | বর্ষা নামলে জামগাছে আরও বড়, আরও রসালো জাম হবে | শুধু তিন জম্বুরঙ্গিণী আর আসবে না | সর্দারজীও জল কাদা থেকে সাদা কাপড় বাঁচিয়ে হেঁটে ফিরে যাবে | যারা উল্কার মত কাছে এসেছিল তাদের স্মৃতি সরিয়ে রেখে ? ওরা কি কেউ কাউকে জিজ্ঞাসা করেছিল কে কোন সৌরমণ্ডল থেকে এসেছিল ? নাকি, এসেছিল, শুধু জাম খেতে ভাব করেছিল – এই জ্ঞানই যথেষ্ট ?

এ কথা থেকে সে কথায় মন চলে যায় |

আমি তখন খুব একটা ছোট নই, বীরহাটি উচ্চ বিদ্যালয়ে পড়া শুরু করেছি | গরমের ছুটিতে দেশ গ্রামে গেলে পাশের বর্ধিষ্ণু গ্রাম রাঙাপুরে যাই বাবার স্কুলের বন্ধু দীনুকাকার কাছে | দীনুকাকা পোস্টমাস্টার | এককালের জমিদারের পোড়ো বাড়ির বৈঠকখানায় রাঙাপুর পোস্টঅফিস | বাড়িটার বাকি ঘর কবেই পড়ে গিয়েছে, শুধু তার বিশাল দু’কামরার রান্নাঘর তখনও অক্ষত | তাতেই দীনুকাকা আর কাকিমা থাকেন | মাতৃসমা কাকিমার টানে যাওয়া | কাকিমা মাতৃস্নেহে আমাকে স্থানীয় ছেলে মেয়ের সাথে বড় একটা মিশতে দেন না, শহুরে ছেলে কোথায় মফস্বলের কী না কী আজেবাজে প্রভাবে পড়ে যাবে | আমিও একা থাকতে ভালোবাসি | একা একা ঘুরে বেড়াই ওই জমিদার বাড়ির বাগানে | বেশিরভাগটাই আগাছায় দুর্গম | কিন্তু এক কোনে দেয়াল ঘেঁসে একটা মস্ত জামগাছ | তার প্রথম ডালটা লাফিয়ে ধরে উপরে উঠে বসে থাকি | ডালটা যেখানে গাছটার গুঁড়ি থেকে বেরিয়েছে সেখানে একটা গর্ত মতন – শুকনো পাতা আর জামের বিচিতে ভরা | তাতে দেখি কাঠবিড়ালি আসা যাওয়া করে | জানি না ওরা জাম খায় কি না | আমি উঠে বসলে ওরা পালিয়ে যায় | কোন কোন দিন দেখি ওর ভিতরে পুরুষ্টু জাম পড়ে আছে, তুলে জামায় মুছে খাই |

একদিন এমনি উঠে বসে ডালটায় হেলান দিয়ে আধশোয়া হয়ে উপরে তাকিয়ে তন্ময় হয়ে আছি, হটাত শুনলাম মেয়েলি গলায়, “এই, ওই খোকলায় জাম আছে ? দে না দুটো আমাকে |” নিচে তাকিয়ে দেখি একটা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে | আমি ধড়মড় করে উঠে বসে বললাম, “কোথায় বললে ?” মেয়েটা হেসে বলল, “ওই তুই যেখানে পা লাগিয়ে বসে আছিস, গত্ত আছে না একটা ?” আমি মাথা নাড়লাম, “ছিল, আমি সব খেয়ে ফেলেছি |” মেয়েটা বলল, “কাল আসবি না ? আমার জন্য রেখে দিস |” আমি জিজ্ঞাসা করব ও কে, তার আগেই ও ঝোপঝাড়ের মধ্যে দিয়ে অদৃশ্য হয়ে গেল | ঘরে ফিরে বলি বলি করেও কাকিমাকে বলতে পারলাম না | পরদিন আমি গাছে উঠবার আগে নিচ থেকে একটা শুকনো ডাল ছুঁড়ে কিছু জাম পেড়ে সেগুলো পকেটে পুরে উঠে বসলাম | পকেট থেকে জামগুলো বের করে খোকলাতে রেখে উপরে তাকিয়ে বসে রইলাম | তন্দ্রা এসে গিয়েছিল কি শুনলাম, “কই, কিছু রেখেছিস ?” নিচে তাকিয়ে দেখি দৃষ্টিতে প্রত্যাশা নিয়ে দাঁত বের করে বিব্রত মুখে হাসছে মেয়েটা | আমি বললাম, “ফেলি ?” ও বলল, “দাঁড়া |” তারপর কাঁধ থেকে আঁচল নামিয়ে দু’হাতে মেলে বলল, “এর উপরে ফেলে দে |” আমি ফেলব না দেখব, ওর শাড়ির সাথে ব্লাউজের বদলে পরা ফ্রকে ফুটে ওঠা  যৌবনের চাপা উদ্ভাস | ও আবার বলল, “বললাম তো, ফেল জামগুলো | দেখছিস কী?” আমার কান লাল হয়ে উঠল | দু’হাতে জামগুলো ছুঁড়ে ফেললাম ওর আঁচলে | “এতো গুলো ... যাই বাড়ি নিয়ে যাই” বলে মেয়েটা ছুটে পালাল ওই ঝোপঝাড়ের পথ দিয়ে |

কিছুদিন পরে ধরা পড়ে গেলাম – কেন না জামার দুই বুক পকেটে জামের দাগ লেগে গিয়েছিল, কাকিমা জামা কাচতে গিয়ে ধরে ফেলল | আমি তাও বললাম না মেয়েটার কথা | পরের দিন মেয়েটা এসে দেখল আমি নিচে দাঁড়িয়ে | খুব হেসে বলল, “জাম কই ? ধরা পড়ে গিয়েছিস বুঝি ?” আমি জিজ্ঞাসা করলাম, “কিসের ধরা ?” ও সোজা উত্তর না দিয়ে বলল, “আমি দেখেছি, রোজ তুই আগে ভাগে জাম পেড়ে পকেটে পুরে গাছে উঠে বসিস |” আমি খানিকটা নিঃস্পৃহ গলায় বললাম, “আজ জাম চাই না ?” মেয়েটা হটাত নিজেকে সামলে নিয়ে বলল, “না, থাক | যাই, কেউ দেখলে কী বলবে ?” তারপর মুখ ঘুরিয়ে মেয়েটা ধীর পায়ে চলে গেল |

আমার কী মনে হল, বাড়ি ফিরে কাকিমাকে জিজ্ঞাসা করলাম, “ওই দিকে জামগাছের কাছে একটা মেয়ে আসে, আমায় দেখলে জাম চায়, ও কে ?” কাকিমা আশ্চর্য হয়ে বলল, “ফ্রকের উপর শাড়ি পরে ?”
আমি – “ফ্রক ? অত দেখি নি |”
কাকিমা – “কে জানে, হারান বাগদির মেয়ে হাসি হবে হয়তো ...”
আমি – “হারান কে ?”
কাকিমা – “ওই তোর কাকার কাছে পিয়নের কাজ করত | বাগানের এক কোনে থাকত | বউ কবেই মারা গেছে | মেয়েটা বাগানময় চষে বেড়াত আর ফল, মূল যা পেত তুলে খেত ... তুই হাসির সাথে কথা বলিস নি তো ?”
আমি মাথা নাড়লাম – “কী হবে, কথা বললে ?”
কাকিমা হেসে কাছে টেনে বলল – “কী দরকার ? হাসি তোর চেয়ে অনেক বড় | কবেই বিয়ের বয়েস হয়েছিল | ওর বাবা ওর বিয়েও দিয়েছিল | কিন্তু মেয়েটা খেতে না পেয়ে রইল না স্বামীর কাছে, পালিয়ে এলো | এখন রোজ শাড়ি পরে বেরয় , চেয়ে চিন্তে, এখানে ফল, ওখানে চাল ডাল ... কোনমতে দিন চলে যায় বাবা মেয়ের ... যাকগে, থাক সে সব কথা |”

এর এক দিন পরে ভয়ঙ্কর কাল বৈশাখীর ঝড় উঠল ভর দুপুরে, তার পর তুমুল শিলাবৃষ্টি | বিকেল সেই ঝড় বৃষ্টি থেমে অদ্ভুত একটা সোনালী আলো ফুটল | আমি ছুটে গেলাম জাম গাছটার কাছে | চারিদিকে অজস্র জাম পড়ে, আর বেশ কিছু শিল, তখনও গলে নি | হাসি নেই | ওকে ডেকে আনার কথা ভেবে আমি সাহস করে ঝোপঝাড়ের মধ্যে ওর আসা যাওয়ার পথ ধরে এগুলাম | একটু দূরে যেতেই দেখলাম পথটা দেয়ালের ভাঙ্গার ভিতর দিয়ে বাইরে চলে গেছে | ভাঙ্গাটায় পৌঁছে উঁকি মেরে দেখেই থমকে গেলাম | দেয়ালের লাগোয়া একটা মাটির বাড়ি, তার চাল উড়ে গেছে | একটা মাঝ বয়সী লোক দিশাহীন ভাবে ঘুরে বেড়াচ্ছে, মনে হয় ছড়িয়ে ছিটিয়ে পড়া জিনিস কুড়াতে কুড়াতে | একপাশে হাসি দাঁড়িয়ে, গায়ে ফ্রক | বোধহয় আমার উপস্থিতি বুঝতে পেরে ও তাকাল আর সংকুচিত হয়ে এক হাতে বুক আর এক হাতে তলপেট আড়াল করল | আমি বললাম, “অনেক জাম পড়ে আছে, হাসি, শিল লেগে একদম ঠাণ্ডা | শিগগির চলো |” হাসি কথা না বলে মাথা নেড়ে ফিরিয়ে তাকাল | ওর দৃষ্টি অনুসরণ করে দেখলাম পাশে একটা বাবলা গাছের উপর ওর শাড়িটা বোধহয় ঝড়ে উড়ে গিয়ে আটকে শতচ্ছিন্ন হয়ে হাওয়ায় আছড়িয়ে আক্ষেপ করছে | ইঙ্গিতটা শেষ করে হাসি আমার দিকে মুখ ফিরালে, বিকেলের পড়ন্ত রোদে চকচক করে উঠল ওর সজল দুটো চোখ – যেন দুটো শিল ছোঁয়ানো কালো জাম |

বুঝলাম জাম কুড়ানোর পালা শেষ |

----------------------------------
© ইন্দ্রনীর / 12 জুন ২০১৫